মাইক্রোওয়েভ ওভেন
মাইক্রোওয়েভ ওভেন

আবিষ্কারের গল্প

মাইক্রোওয়েভ ওভেন তৈরি হলো যেভাবে

আধুনিক ব্যস্ত জীবনে দেশ–বিদেশের মজাদার খাবার রান্নার পাশাপাশি সেগুলো যেকোনো সময় গরম করতে মাইক্রোওয়েভ ওভেন এক অপরিহার্য যন্ত্র। জীবনকে সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মাইক্রোওয়েভ ওভেন তৈরি হয়েছিল কিন্তু সম্পূর্ণ আকস্মিকভাবে। এক রাডার প্রকৌশলীর পকেটে থাকা চকলেট গলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পরে তৈরি হয় যন্ত্রটি।

মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কারক পার্সি স্পেন্সার। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রতিরক্ষাপ্রতিষ্ঠান রেথিয়নে রাডার প্রকৌশলী হিসেবে কাজ করতেন তিনি। তাঁর কাজ ছিল মূলত রাডার সিস্টেমের প্রাণ হিসেবে পরিচিত ম্যাগনেট্রন টিউব উৎপাদন সহজ করা। ১৯৪৫ সালে একটি সক্রিয় ম্যাগনেট্রন পরীক্ষা করার সময় স্পেন্সার লক্ষ করেন, তাঁর পকেটে থাকা একটি চকলেটবার গলে গেছে। বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন। এরপর তিনি ম্যাগনেট্রনের পাশে পপকর্নের দানা রাখেন। যখন সেগুলো ফুটতে শুরু করল, তখন তিনি নিশ্চিত হন মাইক্রোওয়েভ খাবার গরম করতে পারে। ডিম দিয়ে করা পরবর্তী পরীক্ষায় খোলস ফেটে যাওয়ার পর তিনি রান্নার নতুন পদ্ধতির সন্ধান পান। ১৯৪৫ সালেই রেথিয়ন মাইক্রোওয়েভ কুকিং প্রসেসের জন্য পেটেন্ট আবেদন করে।

১৯৪৭ সালে রেথিয়ন প্রথম বাণিজ্যিক মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনে, যার নাম দেওয়া হয় রাডারেঞ্জ। এটি ছিল প্রায় ছয় ফুট লম্বা এবং ওজন ছিল ৭৫০ পাউন্ড। এর দাম ছিল প্রায় ৫ হাজার ডলার, যা বর্তমান সময়ের হিসাবে প্রায় ৭৩ হাজার ডলারের সমান। বিশাল আকার ও উচ্চমূল্যের কারণে শুরুতে এটি কেবল সামরিক বাহিনী বা হাসপাতালের রান্নাঘরে ব্যবহৃত হতো।

১৯৫৫ সালে টাপ্পান প্রতিষ্ঠান প্রথম গৃহস্থালিতে ব্যবহারের উপযোগী মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনলেও উচ্চমূল্যের কারণে তা জনপ্রিয়তা পায়নি। আসল পরিবর্তন আসে ১৯৬০ ও ১৯৭০ দশকে। সে সময় জাপানের একাধিক প্রতিষ্ঠান কম খরচে ম্যাগনেট্রন উৎপাদন শুরু করায় ধীরে ধীরে মাইক্রোওয়েভ ওভেনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসতে থাকে।

১৯৬৭ সালে আমানা প্রথম কমপ্যাক্ট কাউন্টারটপ মডেলের মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনে। এর দাম ছিল ৪৯৫ ডলার। ১৯৭৫ সাল নাগাদ মাইক্রোওয়েভ ওভেন ঐতিহ্যবাহী গ্যাস চুলার চেয়ে বেশি বিক্রি হতে শুরু করে। আশির দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের অর্ধেক পরিবারে এ যন্ত্র পৌঁছে যায়।

সূত্র: হিস্টোরি ডটকম