
মহাবিশ্বে আমরা কি একা? বিজ্ঞানজগতের অন্যতম বড় এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির কার্ল সেগান ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী পৃথিবীসদৃশ ৪৫টি গ্রহের সন্ধান পেয়েছেন, যেখানে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের বসবাসের জন্য আদর্শ পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞানীদের তথ্য অনযায়ী, নতুন সন্ধান পাওয়া চারটি গ্রহ পৃথিবী থেকে মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নিজ নিজ নক্ষত্রের হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য অঞ্চলে অবস্থিত গ্রহগুলো নিজেদের নক্ষত্রের খুব বেশি কাছে না থাকায় বেশি উত্তপ্ত নয়। আবার খুব বেশি দূরে না থাকায় বরফে আবৃত নয় গ্রহগুলো। এই অনুকূল অবস্থানের কারণে গ্রহগুলো পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে, যা প্রাণ বিকাশের প্রধান উপাদান।
নাসার তথ্য অনুযায়ী, পৃথিবী থেকে সবচেয়ে কাছে থাকা চারটি গ্রহ মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত হলেও বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছাতে প্রায় ৮ লাখ বছর সময় লাগবে। তবে বিজ্ঞানীরা আশাবাদী, ভবিষ্যতে নিউক্লিয়ার পালস প্রপালশনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সময়কে কয়েক শতাব্দীতে নামিয়ে আনা সম্ভব হবে।
বিজ্ঞানীদের মতে, কেবল দূর মহাবিশ্বে নয়, আমাদের নিজস্ব সৌরজগতেও এলিয়েন লুকিয়ে থাকতে পারে। এ বিষয়ে ওয়ারউইক ইউনিভার্সিটির মহাকাশ বিশেষজ্ঞ ডেভিড আর্মস্ট্রং জানিয়েছেন, শনি ও বৃহস্পতি গ্রহের কিছু উপগ্রহে বরফস্তরের নিচে থাকা সমুদ্রে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে।
সূত্র: ডেইলি মেইল