পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

সূর্যগ্রহণের সময় প্রাণীরা অস্বাভাবিক আচরণ করে কেন

পূর্ণ সূর্যগ্রহণ কেবল দিনের বেলা চারপাশ অন্ধকারই করে না, কিছুক্ষণের জন্য বদলে দেয় প্রকৃতির স্বাভাবিক নিয়ম। চারপাশের আলো হঠাৎ কমে যাওয়ার পাশাপাশি তাপমাত্রা পরিবর্তন হওয়ায় কিছু সময়ের জন্য প্রকৃতির বিভিন্ন নিয়মে বিঘ্ন ঘটে। এমনকি সূর্যগ্রহণের সময় অস্বাভাবিক আচরণ করে থাকে প্রাণীরা। সূর্যগ্রহণের সময় প্রাণীরা কেন অস্বাভাবিক আচরণ করে তা জানতে ২০২৪ সালে গবেষণা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের তৃণভূমিতে থাকা প্রাণীদের ওপর পরিচালিত এ গবেষণায় প্রাণীদের আচরণের পাশাপাশি তাদের ডাক বা শব্দ পর্যালোচনা করা হয়।

গবেষণার তথ্যমতে, সূর্যগ্রহণের সময় পাখি, পতঙ্গ ও ব্যাঙের ডাক মিলে একটি বিশেষ সাউন্ডস্কেপ বা শব্দের জগত তৈরি হয়। এমনকি দিনের বেলা হঠাৎ অন্ধকার হয়ে যাওয়ায় প্রাণীদের শব্দের জগতে পরিবর্তন আসে। সাধারণত ধারণা করা হয়, হঠাৎ করে অন্ধকার হয়ে যাওয়ায় প্রাণীরা হয়তো সন্ধ্যার মতো আচরণ করবে। কিন্তু বাস্তবে দেখা গেছে, আলো কমার পাশাপাশি তাপমাত্রা ও বাতাসের পরিবর্তনের কারণে প্রাণীরা ভিন্ন ধরনের আচরণ করে।

এই গবেষণা প্রমাণ করে যে প্রাণীরা কেবল আলোর ওপর ভিত্তি করে চলে না, বরং পারিপার্শ্বিক আরও অনেক বিষয় তাদের আচরণ নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে গবেষক দলের প্রধান ম্যাডিসন ফন ডেলেন জানান, সূর্যগ্রহণের সময় তৃণভূমি কেবল সন্ধ্যার মতো নীরব হয়ে যায়নি। বরং দেখা গেছে, সূর্যগ্রহণের দিন শব্দ করার প্রবণতা বা শব্দের তীব্রতা অন্য দিনের তুলনায় বেশি ছিল।

গবেষকদের তথ্যমতে, সূর্যগ্রহণের সময় শব্দের বৈচিত্র্যে পরিবর্তন হলেও এর কাঠামোগত জটিলতা খুব একটা বদলায় না। কিছু প্রাণী ডাক থামিয়ে দিলেও অন্যরা আবার নতুন করে ডাকাডাকি শুরু করে, যার ফলে বনের সার্বিক শব্দের বুনন প্রায় একই রকম থাকে।

সূত্র: আর্থ ডটকম