
এয়ারট্যাগসের মতো তারহীন ব্লুটুথ–সংযোগ সমর্থিত যন্ত্রের মাধ্যমে ব্যবহারকারীর ওপর অনাকাঙ্ক্ষিত নজরদারি ঠেকাতে একাট্টা হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও অ্যাপল। গুগল ও অ্যাপল বলেছে, হারিয়ে যাওয়া যন্ত্র খুঁজে পেতে এয়ারট্যাগসের মতো ব্লুটুথ যন্ত্র ব্যবহারের মাধ্যমে মানুষের ওপর অনাকাঙ্ক্ষিত নজরদারি ঠেকানো প্রয়োজন। তাই তারা কাজ করছে।
এই দুই প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এ–সংক্রান্ত একটি বিস্তৃত খসড়া জমা দিয়েছে। খসড়ায় বলা হয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের ওপর চালানো যেকোনো অনাকাঙ্ক্ষিত নজরদারির ব্যাপারে ব্যবহারকারীকে সতর্কসংকেত পাঠানো যাবে। ওই খসড়ায় যন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এবং বিভিন্ন নিরাপত্তা ও পরামর্শক গোষ্ঠীর প্রতিক্রিয়া (ফিডব্যাক) সন্নিবেশিত করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠান দুটি বলেছে, তারা স্যামসাং ইলেকট্রনিকস এবং মার্কিন ইলেকট্রনিকস প্রতিষ্ঠান টাইলের সমর্থন পেয়েছে।
এয়ারট্যাগস বাজারে আসার পর থেকেই গোপনীয়তা বিশেষজ্ঞ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলে আসছে, কিছু মানুষ অপরাধমূলক বা খারাপ উদ্দেশ্যে এটি ব্যবহার করতে পারে। চাবি, মানিব্যাগ, ব্যাকপ্যাক এবং অন্যান্য জিনিস হারিয়ে গেলে খুঁজে পাওয়ার জন্য এগুলোতে এয়ারট্যাগস লাগানো হয়।
এদিকে নিরাপত্তা জোরদার করতে ২০২১ সালে অ্যাপল একটি অ্যান্ড্রয়েড শনাক্তকরণ অ্যাপ আনে, যেটি আশপাশে এয়ারট্যাগস বা এ ধরনের কোনো নরজরদারি যন্ত্র থাকলে তা স্ক্যান করতে পারে।
সূত্র: এনডিটিভি