
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সপ্তমবারের মতো দেশের যুব প্রতিবন্ধীদের জন্য তথ্যপ্রযুক্তি (আইটি) প্রতিযোগিতার আয়োজন করেছে। সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)–এর সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ৬ মে ঢাকার বিইউবিটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আয়োজন করেছে। আজ বুধবার বিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারা দেশ থেকে ১১৭ প্রতিযোগী জাতীয় আইটি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেবেন। এতে ১৪ থেকে ২২ বছর বয়সী প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার শ্রেণিগুলো হলো দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটি (এনডিডি)।
সব শ্রেণিতে প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং প্রোগ্রামিং (স্ক্র্যাচ) বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিটি শ্রেণিতে তিনজন করে পুরস্কৃত হবেন। শ্রেণিভিত্তিক বিজয়ী সেরা চারজন আগামী অক্টোবরে দুবাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন বিসিসির ব্যবস্থাপক (সিস্টেমস) ও প্রতিযোগিতার সমন্বয়ক মো. গোলাম রব্বানী।