কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে টিকটক
কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করেছে টিকটক

তিন মাসে বাংলাদেশের দেড় কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক

নিজেদের নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) বাংলাদেশ থেকে প্রকাশ করা (আপলোড) ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ১২৯টি ভিডিও মুছে ফেলেছে টিকটক। নীতিমালা লঙ্ঘন করা ভিডিওগুলোর মধ্যে ৯৮ দশমিক ৪ শতাংশই প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়েছে। আজ সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনের ভিডিও–নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে ১৭ কোটি ৫৩ লাখ ২ হাজার ৮৫টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট ভিডিওর প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ। সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ১৫ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৯৩৩টি ভিডিও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে মুছে ফেলা হয়েছে। তবে যাচাইয়ের পর ৮৩ লাখ ৬০ হাজার ৭৮০টি ভিডিও পুনরায় টিকটকে ফিরিয়ে আনা হয়েছে।

কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট  প্রতিবেদনের তথ্যমতে, প্লাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গত বছরের চতুর্থ প্রান্তিকে ১৪ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৫১৮টি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেছে টিকটক। পাশাপাশি ১৩ বছরের কম বয়সীদের ২ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৮৭৯টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

গত বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বজুড়ে মোট ২১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৫৭২টি মতামতও মুছে ফেলেছে টিকটক, যা গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় কম। অন্যদিকে ভুয়া লাইক এবং ভুয়া ফলোয়ার সরিয়ে ফেলার হার বেড়েছে।