হামজা চৌধুরী
হামজা চৌধুরী

টেকনো বাংলাদেশের শুভেচ্ছাদূত হলেন হামজা চৌধুরী

টেকনো বাংলাদেশের শুভেচ্ছাদূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরী। পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্তের পর দেশের ফুটবলপ্রেমীদের কাছে হামজা এখন অন্যতম আলোচিত ও জনপ্রিয় নাম। মাঠে তাঁর লড়াকু মানসিকতা তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আর তাই ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে তরুণদের আরও কাছে পৌঁছাতেই টেকনোর সঙ্গে যুক্ত হয়েছেন হামজা। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’–এর টাইটেল স্পনসর টেকনো বাংলাদেশ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টেকনোর বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রচারণায় দেখা যাবে হামজাকে। বাজারে আসতে যাওয়া ক্যামন সিরিজের পাশাপাশি ফুটবলভিত্তিক ডিজিটাল আধেয় (কনটেন্ট), বিভিন্ন ফ্যান অ্যাকটিভেশন ও প্রচারণায় যুক্ত থাকবেন তিনি।

বাংলাদেশে টেকনো ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, ‘হামজার মধ্যে আমরা যে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখি, তা টেকনোর স্টপ অ্যাট নাথিং স্লোগানের সঙ্গে দারুণভাবে মিলে যায়। হামজা এখন টেকনো পরিবারের অংশ। সামনে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। এই দুইয়ের সমন্বয়ে প্রযুক্তি ও ফুটবলকে আরও কাছাকাছি এনে দেশের ফুটবলপ্রেমীদের জন্য নতুন ও আকর্ষণীয় কিছু অভিজ্ঞতা তৈরি করতে চাই আমরা।’

টেকনোর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, ‘এখানকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা সত্যিই অসাধারণ। টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। সব সময় সামনে এগিয়ে যাওয়া এবং নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে বিশ্বাস, সেটির সঙ্গে আমি নিজেকে মেলাতে পারি। সামনে ভক্তদের জন্য একসঙ্গে দারুণ কিছু করার অপেক্ষায় আছি।’