ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম

গোপনেই দেখা যাবে অন্যের ইনস্টাগ্রাম স্টোরি

ইনস্টাগ্রামে শিগগিরই অন্যদের স্টোরি গোপনে বা পরিচয় প্রকাশ না করে দেখা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনগ্যাজেট। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়া পরামর্শক ম্যাট নাভারা থ্রেডসে ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামের একটি সম্ভাব্য নতুন সেবার স্ক্রিনশট শেয়ার করেছেন। সাবস্ক্রিপশনভিত্তিক সেবাটি ফিলিপাইন ও মেক্সিকোতে পরীক্ষামূলকভাবে চালুও করা হয়েছে।

ফিলিপাইন ও মেক্সিকোর ব্যবহারকারী ব্যক্তিরা সম্প্রতি এই ‘ইনস্টাগ্রাম প্লাস’ ব্যবহারের সুযোগ পেয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে উন্মুক্ত করার আগে মেটা নির্দিষ্ট কিছু অঞ্চলে এই সেবার পরীক্ষা চালাচ্ছে। মেটা কর্তৃপক্ষ এনগ্যাজেটের কাছে এই ‘প্লাস’ সেবা চালুর সত্যতা নিশ্চিত করেছে।

নতুন এই সেবা চালু হলে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন, তবে সব থেকে আকর্ষণীয় ফিচারটি হলো স্টোরি ‘প্রিভিউ’ বা আগেভাগে দেখার সুযোগ। ম্যাট নাভারা যে স্ক্রিনশটটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে একটি চোখের আইকন রয়েছে, যার ওপর দিয়ে আড়াআড়ি দাগ টানা। এ থেকে বোঝা যাচ্ছে, ইনস্টাগ্রাম প্লাস ব্যবহারকারী ব্যক্তিরা কোনো স্টোরি দেখলে ভিউয়ার লিস্ট বা দর্শকদের তালিকায় তাঁদের নাম জমা হবে না।

‘ইনস্টাগ্রাম প্লাস’ সেবায় আরও কয়েকটি সুবিধা যুক্ত করা হবে। যাঁরা এই সেবার জন্য অর্থ খরচ করবেন, তাঁরা ৪৮ ঘণ্টা স্থায়ী স্টোরি পোস্ট করতে পারবেন, একটি স্টোরির জন্য একাধিক অডিয়েন্স নির্ধারণ করতে পারবেন এবং কে কে তাঁদের স্টোরি পুনরায় দেখেছেন, তা–ও জানতে পারবেন।

সূত্র: ম্যাশেবল