হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ বার্তায় থাকা ‘পিন’ নির্দিষ্ট সময় পর মুছে যাবে

সহজে বার্তা বা ছবি আদান-প্রদানের সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। কিন্তু হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করলে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় না। সমস্যা সমাধানে নির্দিষ্ট বার্তা ‘পিন’ করে রাখা যায় হোয়াটসঅ্যাপে। পিন করা বার্তা চ্যাট বক্সের ওপরে দেখা যাওয়ায় পরবর্তী সময়ে সহজেই খুঁজে পাওয়া যায়। ফলে যেকোনো সময় গুরুত্বপূর্ণ বার্তা পুনরায় পড়ার সুযোগ মিলে থাকে। তবে প্রয়োজন শেষ হলেও পিন করা বার্তাগুলো মুছতে ভুলে যান কেউ কেউ। আর তাই এবার বার্তায় থাকা ‘পিন’ নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে ‘মেসেজ পিন ডিউরেশন’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

‘মেসেজ পিন ডিউরেশন’ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ বার্তা পিন করার সময়ই পিন মুছে ফেলার সময় নির্ধারণ করা যাবে। ফলে বার্তার গুরুত্ব অনুযায়ী চ্যাট বক্সের ওপরে প্রদর্শনের পাশাপাশি নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা সম্ভব হবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটেও এ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো।

ডব্লিউ এ বেটা ইনফোর তথ্যমতে, পিন করা হোয়াটসঅ্যাপ বার্তাগুলো নির্বাচন করলেই ২৪ ঘণ্টা, ৭ ও ৩০ দিনের তিনটি অপশন দেখা যাবে। যেকোনো একটি সময় নির্বাচন করলেই নির্দিষ্ট বার্তায় থাকা পিন নির্ধারিত সময় পর মুছে যাবে। অর্থাৎ ২৪ ঘণ্টা অপশন নির্বাচন করলে, পিন ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চ্যাট পিন করার সুযোগ পাবেন। এরই মধ্যে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপের ২.২৩.৩.১৭ সংস্করণে পরীক্ষামূলকভাবে এ সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। পর্যায়ক্রমে অন্য ব্যবহারকারীরাও সুবিধাটি পরখ করার সুযোগ পাবেন।
সূত্র: গ্যাজেটস নাউ