জুমে যুক্ত হচ্ছে নতুন নিরাপত্তা সুবিধা
জুমে যুক্ত হচ্ছে নতুন নিরাপত্তা সুবিধা

ডিপফেক প্রতারণা ঠেকাতে নতুন সুবিধা আনছে জুম

অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা আসলেই মানুষ কি না, তা নিশ্চিত করতে এবার স্যাম অল্টম্যানের মালিকানাধীন ‘ওয়ার্ল্ড’ প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়েছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম। ওয়ার্ল্ড মূলত অনলাইনে মানুষের পরিচয় যাচাই করে থাকে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কোনো ভার্চ্যুয়াল ব্যক্তি যেন জুমের অনলাইন বৈঠকে অংশ নিয়ে প্রতারণা করতে না পারেন, সে জন্য ওয়ার্ল্ডের সহায়তায় নতুন সুবিধা চালু করতে যাচ্ছে জুম।

সাম্প্রতিক সময়ে ভিডিও কলে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৪ সালের শুরুতে যুক্তরাজ্যভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান আরুপ এ ঘটে যাওয়া একটি ঘটনা বিষয়টিকে সামনে নিয়ে আসে। হংকংয়ে কর্মরত এক কর্মী ভিডিও কলে প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও সহকর্মীদের উপস্থিতি ভেবে একাধিক অর্থ স্থানান্তরের অনুমোদন দেন। পরে তদন্তে জানা যায়, ভুক্তভোগী ছাড়া ওই কলে উপস্থিত সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক চরিত্র ছিল। ২০২৫ সালে সিঙ্গাপুরের একটি বহুজাতিক প্রতিষ্ঠানেও একই ধরনের প্রতারণার ঘটনা ঘটে। নিরাপত্তা খাতের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের প্রথম প্রান্তিকেই ডিপফেকনির্ভর প্রতারণায় আর্থিক ক্ষতির পরিমাণ ২০ কোটি ডলার ছাড়িয়েছে। প্রতিটি ঘটনায় গড়ে ক্ষতির পরিমাণ পাঁচ লাখ ডলারের বেশি। ফলে ভিডিও কলে উচ্চমূল্যের লেনদেন সম্পন্ন করে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য ঝুঁকিটি ক্রমেই বাড়ছে।

ওয়ার্ল্ড জানিয়েছে, মিটিংয়ে ডিপফেক শনাক্তের জন্য বর্তমানে কিছু পদ্ধতি চালু থাকলেও সেগুলো বেশ সীমিত। সেগুলো মূলত ভিডিওর ফ্রেমগুলো বিশ্লেষণ করে প্রতারণামূলক বিভিন্ন ছবি শনাক্তের চেষ্টা করে। কিন্তু ভিডিও মডেলগুলো এতটাই উন্নত হচ্ছে যে ফ্রেম ধরে এআই শনাক্ত করার পদ্ধতিগুলো এখন আর পুরোপুরি কার্যকর নয়। এই প্রেক্ষাপটে ‘ওয়ার্ল্ড আইডি ডিপ ফেস’ নামের একটি নতুন প্রযুক্তিতে তিনটি ধাপে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে। এই প্রযুক্তিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীদের ধারণ করা স্বাক্ষরযুক্ত ছবি, যন্ত্র থেকে নেওয়া তাৎক্ষণিক মুখের স্ক্যান এবং বৈঠকের সরাসরি ভিডিওর দৃশ্য মিললেই সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নামের পাশে ‘ভেরিফায়েড হিউম্যান’ ব্যাজ যুক্ত করা যাবে।

জুম জানিয়েছে, অনলাইন বৈঠকের আয়োজক চাইলে ‘ডিপ ফেস ওয়েটিং রুম’ সুবিধা চালু করতে পারবেন। এতে অংশগ্রহণকারী ব্যক্তিদের বৈঠকে যোগ দেওয়ার আগে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। পাশাপাশি বৈঠক চলাকালেও প্রয়োজনে অংশগ্রহণকারী ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে নিজেদের পরিচয় নিশ্চিত করতে বলা যাবে।

সূত্র: টেক ক্র্যান্চ