
১৫৮ বছর আগে আইটিইউ গঠিত হয়। ১৯৪৯ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইটিইউ জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান হয়ে ওঠে। সুইজারল্যান্ডের জেনেভায় আইটিইউর সদর দপ্তর।
১৭ মে ১৮৬৫
আইটিইউ গঠিত
জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) পৃথিবীর অন্যতম পুরোনা সংগঠন। গঠিত হওয়ার ১৫৮ বছর পরও আইটিইউ সক্রিয়। প্রতিষ্ঠার সময় এর নাম ছিল আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়ন। আইটিইউ প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ নেটওয়ার্ক পরিচালনার মান ও নীতিমালা প্রণয়ন করে।
১৯০৬ সালে আন্তর্জাতিক রেডিওটেলিগ্রাফ ইউনিয়ন (আইআরইউ) নামে আরেকটি সংস্থা গঠিত হয়। শেষ পর্যন্ত ১৯৩২ সালে একটি যৌথ সম্মলনে দুই সংস্থা মিলিতভাবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন নামে একীভূত হয়। এরপরই টেলিগ্রাফ, টেলিফোনসহ সব ধরনের টেলিযোগাযোগের মান নির্ধারণ, নীতিমালা প্রণয়ন, নিয়ন্ত্রণের আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করতে থাকে আইটিইউ। ১৯৪৭ সালে আইটিইউর সঙ্গে নবগঠিত জাতিসংঘের চুক্তি হয়। জাতিসংঘ আইটিইউকে বিশেষায়িত বৈশ্বিক টেলিযোগাযোগ সংস্থা হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৪৯ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইটিইউ জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান হয়ে ওঠে। সুইজারল্যান্ডের জেনেভায় আইটিইউর সদর দপ্তর।
১৭ মে ১৯৪৩
এনিয়াক কম্পিউটারের শুরু
শুরুর দিকের পূর্ণাঙ্গ ইলেকট্রনিক গণনাযন্ত্র (কম্পিউটিং সিস্টেম) এনিয়াক (ইলেকট্রনিক নিউমারিক্যাল ইন্টেগ্রেটর অ্যান্ড কম্পিউটার) তৈরি শুরু হয় ১৯৪৩ সালের ১৭ মে। মার্কিন সেনাবাহিনী তাদের ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির জন্য এনিয়াক তৈরি করে। এটিই প্রথম কম্পিউটার সিস্টেম, যেটায় তড়িৎ–চৌম্বকীয় সুইচের বদলে বায়ুশূন্য টিউব ব্যবহার করা হয়। এনিয়াকের কাজ ছিল ক্ষেপণাস্ত্র থেকে গোলাগুলির হিসাব করা।
এনিয়াকের নকশা করেন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার জে প্রেসপার একার্ট ও জন উইলিয়াম মুকলি। এনিয়াক তৈরি হয় এই বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। প্রথমে এই কম্পিউটারের নাম ছিল ‘প্রজেক্ট পিএক্স’। সেই সময় এটি তৈরিতে খরচ হয় প্রায় ছয় লাখ ডলার। এনিয়াক চালু করা হয় ১৯৪৬ সালের ১৪ ফেব্রুয়ারি। নানা দিক উন্নয়ন করে এটি ১৯৫৫ সাল পর্যন্ত চালানো হয়।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ ও উইকিপিডিয়া