করোনা হলেও কাজ থেকে রেহাই নেই

রয়টার্স ফাইল ছবি
রয়টার্স ফাইল ছবি

কানাডার দ্বিতীয় জনবহুল প্রদেশ কুইবেকে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পরও কাজ করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। সেখানকার স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডিউব স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বলেন, স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে কর্মীসংকট রয়েছে। জরুরি পরিস্থিতির জন্য করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও কিছু কর্মীকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া তাঁদের হাতে আর কোনো উপায় নেই। খবর রয়টার্সের।

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ কুইবেক প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় সময় গতকাল সেখানে রেকর্ডসংখ্যক ১২ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ডিউব এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, অমিক্রন খুব দ্রুত সংক্রমিত হয়। এ কারণে অমিক্রনে আক্রান্ত অনেক কর্মীকে কাজ থেকে বিরত রাখতে হচ্ছে। আর তা করতে গিয়ে স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো কর্মীসংকটে হিমশিম খাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী ডিউব আরও বলেন, গুরুত্ব বিবেচনায় এ কারণে নির্দিষ্টসংখ্যক কর্মীকে করোনায় আক্রান্ত হলেও কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে করোনার বুস্টার ডোজ দেওয়া হবে।