মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন গত সোমবার পরিচালিত জরিপেও এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা। ১০টি জাতীয় জরিপের গড় করে দেখা যায়, ওবামা প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মিট রমনির চেয়ে ১ দশমিক ৬ শতাংশ এগিয়ে।এই ১০টি জরিপের মধ্যে গ্যালপ, ইপসস/রয়টার্স (অনলাইন), ওয়াশিংটন পোস্ট/এবিসি নিউজ, আমেরিকান রিসার্চ গ্রুপ, মনমাউথ ইউনিভার্সিটি/সার্ভে ইউএসএ ও রাসমুসেন রিপোর্টসের জরিপও রয়েছে।১০টি জরিপের মধ্যে শুধু গ্যালপ ও রাসমুসেন রিপোর্টসের জরিপেই এগিয়ে ছিলেন রমনি। দুই জরিপেই ১ শতাংশ এগিয়ে ছিলেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক এই গভর্নর। বাকি আটটির মধ্যে আমেরিকান রিসার্চ গ্রুপ ও মনমাউথ ইউনিভার্সিটি/সার্ভে ইউএসএর জরিপে দুজনের সমর্থন ছিল সমানে সমান। অন্য ছয়টিতেই এগিয়ে ছিলেন ওবামা।১০টি জরিপের গড়ে ওবামা ১ দশমিক ৬ শতাংশ এগিয়ে ছিলেন। তবে বিশ্লেষকদের মতে, জরিপে ৫ শতাংশ পর্যন্ত ‘ভ্রান্তির’ অবকাশ থাকে। তাই শেষ পর্যন্ত কে জয়ী হবেন, জরিপের ভিত্তিতে তা বলা কঠিন। নিউইয়র্ক টাইমস।