
সদ্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়া থেরেসা মে বোধ হয় স্বপ্নেও ভাবেননি তিনি যেদিন দায়িত্ব নিলেন, সেদিনই দেশের আরেক নারীকে নিয়ে ব্যাপক শোরগোল হবে। ওই মডেলের নামও প্রায় একই, ইংরেজি বানানটা সামান্য ভিন্ন হওয়ায় উচ্চারণ ‘টেরেসা’।
টেরেসা একজন গ্ল্যামার মডেল। তিনি আর নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম টুইটারে অনেকে বিভ্রান্তিতে পড়ে যান। মডেল টেরেসা মেকে নতুন প্রধানমন্ত্রী ভেবে টুইটারে প্রচুর অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে লোকজন। ফলে তিনি একসময় টুইটার অ্যাকাউন্টে নিজের সম্পর্কে বক্তব্য পাল্টাতে বাধ্য হয়েছেন। লিখেছেন, ‘আমি যুক্তরাজ্যের এক গ্ল্যামার মডেল, প্রধানমন্ত্রী নই।’
এর আগে মডেল টেরেসা টুইট করেছেন, ‘এটা বিস্ময়কর যে এত মানুষ আমাকে প্রধানমন্ত্রী ভেবেছে। এতে বোঝা যায়, কিছু মানুষ কতটা অজ্ঞ।’
অ্যান্ড্রিয়া লিডসম কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াই থেকে সরে দাঁড়ানোর পর থেরেসা মের জন্য ১০ ডাউনিং স্ট্রিটের দরজা খুলে যায়। আর মডেল টেরেসা মে অন্তর্বাসের বিজ্ঞাপনে অংশ নিয়ে আলোচিত হয়েছেন।