চীনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সরকারি খরচে অ্যালকোহলসহ বিলাসী ভূরিভোজ নিষিদ্ধ। তা ছাড়া কোনো সরকারি কাজে সফরে থাকলে ব্যয়বহুল হোটেলে অবস্থান করা যাবে না। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন গত শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়। কমিউনিস্ট পার্টির প্রধান শি জিংপিং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে ঘোষণা দিয়েছেন তার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বর্তমানে এ কমিশনের চেয়ারম্যান।কমিশনের সিদ্ধান্তে জানানো হয়, কোথাও সফরে গেলে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের স্বাগত জানিয়ে কোনো গেট, লাল কার্পেট, গার্ড অব অনার ও প্রদর্শনীর ব্যবস্থা করা হবে না। রাস্তা দিয়ে চলার সময় জনগণকে বিরক্ত করে—এমন জোরে সাইরেন বাজানো যাবে না। বক্তৃতায় প্রয়োজনের বেশি কথা বলা যাবে না। এ ছাড়া দেশ-বিদেশে সফরের সংখ্যা ও সময়—দুই-ই কমিয়ে আনা হবে। সামরিক কর্মকর্তাদের স্ত্রী ও সন্তানদের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। স্ত্রী ও সন্তানদের মার্জিত ও নিয়ন্ত্রণে রাখতে হবে, তাঁরা যেন কোনো অবস্থায়ই ঘুষ না গ্রহণ করে, এটি নিশ্চিত করতে হবে।এর আগে ৪ ডিসেম্বর কমিউনিস্ট পার্টির নেতাদের জন্যও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। চীনের সাধারণ জনগণের মধ্যে কমিউনিস্ট পার্টি ও সামরিক কর্মকর্তা এবং তাদের নিকটাত্মীয়দের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে অসন্তোষ রয়েছে।চলতি বছর দুর্নীতির অভিযোগে লে. জেনারেল জু জানশাংকে বরখাস্ত করা হয়। চোংকিং পার্টির সাবেক নেতা বো শিলাইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে বিচার চলছে। যুক্তরাজ্যের একজন ব্যবসায়ীকে হত্যার অপরাধে তাঁর স্ত্রীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।