বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ মার্চ। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম
রানি সপ্তম ক্লিওপেট্রা ছিলেন মিসরের শাসক। সিংহাসনে ক্লিওপেট্রার পুনরায় অভিষেক হয় ৪৭ খ্রিষ্টপূর্বাব্দের এদিনে। এর আগে ৫১ খ্রিষ্টপূর্বাব্দে বাবা দ্বাদশ টলেমির মৃত্যুর পর তিনি ও তাঁর ভাই চতুর্দশ টলেমি সিংহাসনে আরোহণ করেছিলেন।
তবে ৫০ খিষ্টপূর্বাব্দে তিনি মিসর থেকে পালিয়ে সিরিয়ায় যেতে যেতে বাধ্য হন। মিসরের টলেমিক সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন ক্লিওপেট্রা।
পানি সার্ফিং বেশ জনপ্রিয়। এখন এর সঙ্গে বাতাসে সার্ফিংও যুক্ত হয়েছে। এতে অগ্রগণ্য ভূমিকা রাখেন জিম ড্রেক ও হোয়লি শুয়েতজার নামে দুই মার্কিন সার্ফার। ১৯৬৮ সালের এদিনে তাঁরা এমন একটি জিনিসের পেটেন্ট নেন, যেটা সার্ফিং বোর্ডে যুক্ত করার মাধ্যমে বোর্ড নিয়ে অনায়াসে বাতাস কেটে ছুটে চলা যায়।
যুক্তরাষ্ট্রের সড়কে একসময় শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের একসঙ্গে গাড়িতে বসে ভ্রমণ করা নিষেধ ছিল। ১৮৬৭ সালের এদিনে প্রথমবারের মতো এই নিয়ম ভাঙে একদল কৃষ্ণাঙ্গ। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা গণপরিবহনে শ্বেতাঙ্গদের পাশে বসে ভ্রমণ করেন।
স্কটল্যান্ডের এডিনবরায় বসেছিল রাগবির প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সময়টা ১৮৭১ সালের এদিন। ওই ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল স্বাগতিকদের। ফলাফলও স্বাগতিকদের পক্ষে যায়। স্কটল্যান্ড ১, ইংল্যান্ড ০।