বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩১ মার্চ। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ফ্রান্সের প্যারিসের আইকনিক স্থাপনা আইফেল টাওয়ার। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ আইফেল টাওয়ার দেখতে প্যারিসে ছুটে যান। স্থাপনাটি ১ হাজার ৬৩ ফুট উঁচু। ১৮৮৯ সালের এই দিনে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্থাপনাটি। ১৯৩০ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ছিল আইফেল টাওয়ার।
দীর্ঘদিন পুরো বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল জাপান। এটা ছিল দেশটির সরকারের নীতিগত অবস্থান। ১৮৫৪ সালের এই দিনে বিচ্ছিন্নতার নীতি থেকে বেরিয়ে আসে জাপান। এ দিন জাপানের বন্দরে নোঙর করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য জাহাজ।
জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা ও জ্বালানির অপচয় নিয়ে মানুষকে সচেতন করতে বিভিন্ন দেশে ‘আর্থ আওয়ার’ পালন করা হয়। আর্থ আওয়ারে ঘণ্টাব্যাপী বাতি নিভিয়ে রাখা হয়। ২০০৭ সালের এই দিনে প্রথম আর্থ আওয়ার পালন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। এদিন সিডনির ২০ লাখের বেশি বাড়ি ও হাজার দুয়েক ব্যবসাপ্রতিষ্ঠান আলো নিভিয়ে আর্থ আওয়ার পালন করেছিল।
টমাস মুন্ডি পিটারসন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি, যিনি ভোট দিয়েছিলেন। ১৮৭০ সালের এই দিনে ভোট দেন টমাস পিটারসন। এর আগে দেশটির আইনে কৃষ্ণাঙ্গদের ভোট দেওয়ার অধিকার ছিল না। পরে আইন করে তাঁদের ভোটাধিকার দেওয়া হয়।