সৌরজগতে প্রতিবেশী দুই গ্রহ হচ্ছে পৃথিবী ও মঙ্গল। তবে গ্রহ দুটির অভ্যন্তরভাগে ব্যাপক পার্থক্য রয়েছে। সম্প্রতি গবেষকেরা বলছেন, পৃথিবী ও মঙ্গল গ্রহের অভ্যন্তরভাগ বা ‘কোরের’ মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য খুঁজে পেয়েছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার রোবোটিক যান ইনসাইট থেকে পাওয়া ভূকম্পনঘটিত তথ্য বিশ্লেষণ করে নতুন গবেষণা করেছেন গবেষকেরা। এ থেকে তাঁরা মঙ্গল গ্রহের অভ্যন্তরভাগ গঠনের বিষয়টি সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়ার দাবি করেছেন। তাঁরা বলছেন, তাঁদের গবেষণা থেকে পৃথিবী ও মঙ্গলের বৈসাদৃশ্যের বিষয়টির নতুন তথ্য সামনে এসেছে।
গবেষকেরা বলছেন, মঙ্গল গ্রহের ভূকম্পনঘটিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এর সবচেয়ে ভেতরের স্তর বা কোর কিছুটা ছোট।
গবেষকেরা বলছেন, মঙ্গল ও পৃথিবী দুটি গ্রহের কোর প্রাথমিকভাবে তরল লোহায় গঠিত। তবে মঙ্গল গ্রহের কোরের ২০ শতাংশে লোহার চেয়ে পাতলা উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে সালফার, অক্সিজেন, কার্বন ও হাইড্রোজেন। পৃথিবীর কোরে এ ধরনের উপাদান মঙ্গল গ্রহের অর্ধেক। অর্থাৎ, পৃথিবীর কোরের চেয়ে মঙ্গল গ্রহের কোরের ঘনত্ব কম।
গবেষণা–সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে।