
হংকংকে পেছনে ফেলে প্রবাসীদের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন নিউইয়র্ক। আর পঞ্চম স্থানে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের নতুন এক গবেষণায় এ তথ্য উঠে আসে।
ইসিএ ইন্টারন্যাশনালের ২০২৩ সালের ‘কস্ট অব লিভিং র্যাঙ্কিংয়ে’ নিউইয়র্ক শীর্ষে আসার কারণ জানাতে গিয়ে বলা হয়েছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও আবাসন ব্যয় বৃদ্ধির কারণে এমনটা হয়েছে। র্যাঙ্কিংয়ে জেনেভা ও লন্ডন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
ইসিএ ইন্টারন্যাশনাল জানায়, গত বছর ১৩তম স্থানে থাকা সিঙ্গাপুর এবার প্রথমবারের মতো শীর্ষ পাঁচে উঠে এসেছে। অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোতে মূল্যস্ফীতি কম থাকায় এই অঞ্চলের দেশগুলো তালিকার কিছুটা নিচের দিকেই রয়েছে। তবে ব্যতিক্রম সিঙ্গাপুর।
প্রতিষ্ঠানটির এশিয়া অঞ্চলের পরিচালক লি কোয়ান বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার আর্থিক কেন্দ্রস্থল হিসেবে পরিচিত সিঙ্গাপুর তালিকার ওপরের দিকে উঠে আসার কারণ মূলত আবাসন খরচ বৃদ্ধি। কারণ, অন্যান্য দেশের তুলনায় এখানে আগেভাগেই করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছিল। তাই এ দেশে ভাড়া বাড়ির চাহিদা বেড়ে যায়। তবে সেই চাহিদার তুলনায় জোগান ছিল কম।
রাশিয়ার প্রবাসীরা দুবাইয়ে চলে আসায় সেখানকার বাড়িভাড়া এক–তৃতীয়াংশ বেড়ে যায়। ফলে ব্যয়বহুল শহরের তালিকায় দুবাই এখন ১২তম স্থানে উঠে এসেছে।
বেশির ভাগ ইউরোপীয় শহর তালিকার ওপরের দিকে থাকলেও মুদ্রার মান কমে যাওয়ার ধাক্কা সামলাচ্ছে নরওয়ে ও সুইডেনের শহরগুলো। আর মূল্যস্ফীতি কম হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের শহরগুলোর তুলনায় তালিকায় পেছনের দিকে রয়েছে ফ্রান্স।
অন্যান্য দেশের তুলনায় মুদ্রার মান কমে যাওয়ায় ও মূল্যস্ফীতি কম হওয়ায় চীনের শহরগুলো তালিকায় পিছিয়ে গেছে।
শক্তিশালী ডলার ও উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের সব শহরের র্যাঙ্কিং বেড়েছে। সান ফ্রান্সিসকো তালিকায় শীর্ষ দশে উঠে এসেছে।
ইসিএ ইন্টারন্যাশনাল সারা বিশ্বের ১২০টি দেশের ২০৭টি শহরের ওপর এই জরিপ চালিয়েছে। জরিপের সেসব শহরের ভোগ্যপণ্য ও পরিষেবার খরচ এবং প্রবাসীরা সাধারণ যেসব এলাকায় থাকেন, সেখানকার বাড়িভাড়া বিশ্লেষণ করে দেখা হয়েছে।
প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল ২০ শহর। প্রথম বন্ধনীতে ২০২২ সালে শহরগুলোর অবস্থান।
১. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র (২য়)
২. হংকং, চীন (১ম)
৩. জেনেভা, সুইজারল্যান্ড (৩য়)
৪. লন্ডন, যুক্তরাজ্য (৪র্থ)
৫. সিঙ্গাপুর (১৩ম)
৬. জুরিখ, সুইজারল্যান্ড (৭ম)
৭. সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র (১১তম)
৮. তেল আবিব, ইসরায়েল (৬ষ্ঠ)
৯. সিউল, দক্ষিণ কোরিয়া (১০ম)
১০. টোকিও, জাপান (৫ম)
১১. বার্ন, সুইজারল্যান্ড (১৬তম)
১২. দুবাই, সংযুক্ত আরব আমিরাত (২৩তম)
১৩. সাংহাই, চীন (৮ম)
১৪. গোয়াংঝু, চীন (৯ম)
১৫. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র (২১)
১৬. শেনঝেন, চীন (১২)
১৭. বেইজিং, চীন (১৪)
১৮. কোপেনহেগেন, ডেনমার্ক (১৮)
১৯. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত (২২)
২০. শিকাগো, যুক্তরাষ্ট্র (২৫)