মহাকাশের প্রান্তে রেস্তোরাঁয় খেতে আগাম ফরমাশ শুরু

মহাকাশের প্রান্তে জেফালতোর রেস্তোরাঁ
ছবি: জেফালতোর ওয়েবসাইট থেকে

অনেকেই বিভিন্ন রেস্তোরাঁর খাবার খেতে পছন্দ করেন। কিন্তু মহাকাশের প্রান্তে বেলুনে ভেসে যদি কোনো রেস্তোরাঁয় খাওয়ার সুযোগ মেলে? এত দিন এটি ছিল কেবল কল্পনা। ফরাসি কোম্পানি জেফালতো বাস্তবে আগামী বছর এমন একটি রেস্তোরাঁ চালু করতে যাচ্ছে।

জেফালতো নামের মহাকাশ পর্যটনের এই উদ্যোগ নিয়েছেন ফ্রান্সের সাবেক এয়ার ট্রাফিক কন্ট্রোলার ভিনসেন্ট ফ্যারেট ডিঅস্তিস। এ রেস্তোরাঁয় খাওয়ার জন্য আগাম বুকিং নিতে শুরু করেছেন তিনি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, সেলেস্তি নামের একটি বিশেষ ধরনের ক্যাপসুলে করে ক্রেতাদের মহাকাশের প্রান্তে পাঠানো হবে। ক্যাপসুলটি একটি বিশাল বেলুনে বাঁধা থাকবে।

সেটি স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করবে। স্ট্র্যাটোস্ফিয়ারকে পৃথিবীর বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হিসেবে গণ্য করা হয়। এটি ভূপৃষ্ঠের ওপর ১২ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। জেফালতোর বেলুনটি স্ট্র্যাটোস্ফিয়ারের ২৫ কিলোমিটার উচ্চতায় অবস্থান করবে। এখান থেকে পৃথিবীর বাঁক দেখতে দেখতে অসাধারণ খাবার খেতে পারবেন আগ্রহী অতিথিরা।

টিকিট কেনার আগে ১১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে আগাম ফরমাশ দিয়ে রাখতে পারবেন ক্রেতারা। যখন টিকিট বিক্রি শুরু হবে, তখন পুরো অর্থ দিয়ে টিকিট কিনতে হবে। জেফালতোর রেস্তোরাঁয় একবার খেতে জনপ্রতি টিকিটের দাম পড়বে ১ কোটি ৪০ লাখ টাকা।

জেফালতোর পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ দিকে তাদের রেস্তোরাঁ চালু হবে। ওই সময় থেকে ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তারা ২০২৫ সালের পরের দিককার টিকিটের জন্য আগাম ফরমাশ নিচ্ছে।

সেলেস্তি নামের ক্যাপসুলে করে ছয় যাত্রী ও দুই পাইলটকে বহন করা যাবে। তাঁরা দেড় ঘণ্টা মহাকাশের প্রান্তে ভেসে রেস্তোরাঁর খাবার খেতে পারবেন। এ সময় প্রতি সেকেণ্ডে চার মিটার করে গতি থাকবে তাঁদের। এ সময় পৃথিবীর ওপর চার ঘণ্টা ভেসে বেড়াবে বেলুনটি। এ সময় অতিথিদের বিলাসবহুল সব খাবার সরবরাহ করা হবে।

২০০১ সালে প্রথম পর্যটক হিসেবে মহাকাশ ভ্রমণ করেন মার্কিন ব্যবসায়ী ডেনিশ টিটো। এরপর অনেকেই পর্যটক হিসেবে মহাকাশ ভ্রমণ করেছেন। সম্প্রতি বেশ কয়েকটি মহাকাশ সংস্থা এ ধরনের পর্যটন সুবিধা চালু করছে। এর মধ্যে রয়েছে স্পেস এক্স, ব্লু অরিজিন ও ভার্জিন গ্যালাকটিক।

২০১৬ সালে যাত্রা শুরু করে জেফালতো। তারাই প্রথম প্রতিষ্ঠান, যারা বেলুনে করে মহাকাশ ভ্রমণের সুবিধা দিচ্ছে। এর বাইরে মার্কিন প্রতিষ্ঠান স্পেস পারসপেকটিভ তাদের নভোযান নেপচুনে করে মহাকাশ ভ্রমণের সুবিধা দিচ্ছে।

তবে মহাকাশে গিয়ে ওজনহীনতার অনুভূতি নেওয়ার সঙ্গে ভূপৃষ্ঠ থেকে ৬০ মাইল ওপরে মহাকাশের প্রান্তে ঘুরে আসার মধ্যে পার্থক্য রয়েছে। এখানে পৃথিবী ও নক্ষত্রগুলো ভালোভাবে দেখা গেলেও ওজনহীনতার অনুভূতি পাওয়া যাবে না। এটি বাণিজ্যিক উড়োজাহাজগুলোর চেয়ে বেশ কিছুটা ওপরে নিয়ে যাবে আগ্রহীদের।

জেফালতো বলছে, তারা ফ্রান্সের মহাকাশ সংস্থা সিএনইএসের সঙ্গে তাদের প্রকল্প নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ কাজে তাদের সহযোগিতা করছে মহাকাশ সংস্থা এয়ারবাস। তাদের যে বেলুনে করে পর্যটকদের মহাকাশের প্রান্তে নেওয়া হবে, তাতে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হবে। জেফালতো বলছে, তাদের রেস্তোরাঁয় খেতে বা পর্যটক হিসেবে বেড়াতে যেতে পারবেন যেকোনো বয়সের ব্যক্তি। এর জন্য কোনো প্রশিক্ষণ লাগবে না।