আজ ১১ নভেম্বর, শনিবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় নিহতের সংখ্যা কমিয়ে সংশোধনের কথা জানাল ইসরায়েল। দেশটি গতকাল শুক্রবার জানিয়েছে, ৭ অক্টোবরের ওই হামলায় প্রাণ গেছে প্রায় ১ হাজার ২০০ জনের। এর আগে ইসরায়েল সরকার জানিয়েছিল, হামাসের হামলায় ১ হাজার ৪০০–এর বেশি মানুষ নিহত হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি ১০ মিনিটে একটি করে শিশু নিহত হচ্ছে। এ কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। তিনি গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন, ‘গাজায় কোনো জায়গাই নিরাপদ নয় এবং কেউই নিরাপদে নেই।’
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের রেশ গিয়ে পৌঁছেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। শহরটির রাজপথে গতকাল শুক্রবার দিবাগত রাতে ফিলিস্তিন ও ইসরায়েলপন্থীরা সংঘর্ষে জড়িয়েছেন। সংঘর্ষ চলেছে রাতভর।
যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুটি সংগঠনের কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংগঠন দুটি ফিলিস্তিনপন্থী। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সংগঠন দুটি ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারবে না। সংগঠন দুটি হলো স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন (এসজেপি) ও জিউশ ভয়েস ফর পিস (জেভিপি)। গাজায় চলমান ইসরায়েলের নির্বিচার হামলার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন সংগঠন দুটির সদস্যরা। এর পরিপ্রেক্ষিতে তাঁদের কার্যক্রম স্থগিত করা হয়। তবে এর জেরে সমালোচনার মুখে পড়েছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে আইসল্যান্ডে ১৪ ঘণ্টার মধ্যে ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর গতকাল শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে রেকজানেস উপত্যকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়। আশঙ্কা করা হচ্ছে, এ রকম ভূমিকম্পের পর অগ্ন্যুৎপাত হতে পারে।
যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর মার্থা ম্যাকস্যালি। গত বুধবার জগিংয়ে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন তিনি। পরে নিপীড়নকারীকে ধাওয়া দেন, কিন্তু ধরতে পারেননি। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।