করোনা মহামারির সংকট কাটিয়ে উঠতে না উঠতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়ে মহাসংকটের মুখে বিশ্ব। অর্থনৈতিক সংকটে দেউলিয়া হওয়ার দশা বেশ কয়েকটি দেশের। বিশ্বের ৮০ কোটির বেশি মানুষ দীর্ঘস্থায়ী ক্ষুধা এবং ৩২ কোটির বেশি মানুষ খাদ্যাভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এই সংকট থেকে উত্তরণে বিশ্বনেতা ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর করণীয় কী হতে পারে, সেসব নিয়ে লিখেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও পূর্ব তিমুরের বর্তমান প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা, স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক, কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট লরা চিনচিলা এবং দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সিয়াং-সু। তাঁদের এই লেখার প্রতি সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী আবদুর-রউফ আল রাওয়াবদেহ, কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস, ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কৌশিক বসু, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনসহ ১১৪ জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।

জি-৭, ন্যাটো এবং জি-২০-ভুক্ত দেশগুলোর সাম্প্রতিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীদের কথায় সবার কাছে একটি বিষয় পরিষ্কার—বিশ্ব এমন এক জরুরি পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যা আমরা গত কয়েক দশকে দেখিনি।
ক্রমবর্ধমান খাদ্য ও জ্বালানিসংকট, মুদ্রার অবমূল্যায়ন, ঋণসংকট, চলমান কোভিড-১৯ মহামারি, জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব এবং সশস্ত্র সংঘাতের কারণে আন্তর্জাতিক উত্তেজনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় গঠিত জি-২০ ফোরামকে (এ বছর যার সভাপতিত্ব করছে ইন্দোনেশিয়া) বিপজ্জনকভাবে সংবেদনশীল জায়গায় ঠেলে দেওয়া হয়েছে। নভেম্বরের মাঝামাঝি এই গ্রুপের নেতাদের শীর্ষ সম্মেলন হবে। ওই সম্মেলন বিশ্বব্যবস্থার জন্য বেশ গুরুত্বের দাবি রাখে।
কিন্তু বর্তমানে যে সংকট চলছে, তা মোকাবিলার জন্য আমরা তত দিন অপেক্ষা করতে পারি না। আর তাই নভেম্বরের শীর্ষ সম্মেলনের আগে জি-২০ গ্রুপের নেতাদের একটি সাধারণ ও সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে ভার্চ্যুয়াল (অনলাইন) মাধ্যমে মিলিত হওয়ার প্রক্রিয়া শুরু করা উচিত।
আজকের বহুবিধ সংকটের সমপ্রবাহী হাওয়া প্রায় ১৭০ কোটি মানুষ অর্থাৎ মানবজাতির পাঁচ ভাগের এক ভাগকে এমন দারিদ্র্য ও ক্ষুধায় মুখে ফেলতে পারে, যা গত কয়েক দশকে দেখা যায়নিজাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুসারে, বিশ্বে ৮০ কোটির বেশি মানুষ এখন দীর্ঘস্থায়ী ক্ষুধা এবং ৩২ কোটি ৩০ লাখ মানুষ না খেয়ে মরার ঝুঁকিতে রয়েছে। বিদ্যুতের দাম বেড়েছে এবং বিশ্বের কম টিকা পেয়েছে, এমন জনগোষ্ঠীর মধ্যে কোভিড-১৯ আবার মাথাচাড়া দিতে শুরু করেছে।
অধিকন্তু, নিম্ন আয়ের দেশগুলোর প্রায় ৬০ শতাংশ ঋণ নিয়ে সংকটে আছে। বিশ্বের নানা প্রান্তে মানুষ খরা, বন্যা, দাবানল, জলবায়ু পরিবর্তনসহ নানা দুর্যোগের মুখোমুখি।
গত এপ্রিলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছিলেন, ‘আজকের বহুবিধ সংকটের সমপ্রবাহী হাওয়া প্রায় ১৭০ কোটি মানুষ অর্থাৎ মানবজাতির পাঁচ ভাগের এক ভাগকে এমন দারিদ্র্য ও ক্ষুধায় মুখে ফেলতে পারে, যা গত কয়েক দশকে দেখা যায়নি।’
বর্তমানে ৭৩টি দরিদ্রতম দেশের অংশগ্রহণে ডিএসএসআইয়ের এই কমন ফ্রেমওয়ার্ক দাঁড়িয়ে আছে। তবে এই কাঠামোকে আরও কার্যকর করতে এসব দেশের যোগ্যতার মানদণ্ড পর্যালোচনা এবং তা সম্প্রসারণ করা প্রয়োজন।
পরিস্থিতি বিপজ্জনক হলেও আমরা তার পরিবর্তন করতে একেবারে অক্ষম নই। ঋণ, জ্বালানি এবং খাদ্যসংকট মোকাবিলায় ইতিমধ্যেই কিছু বহুপক্ষীয় উদ্যোগ চালু করা হয়েছে। তবে সেসব উদ্যোগ কার্যকর করতে এ ধরনের প্রচেষ্টাকে সমন্বিত ও ব্যাপক মাত্রায় রূপ দিতে হবে। আমাদের সমস্যাগুলো একটির সঙ্গে আরেকটি এত বেশি সংযুক্ত যে এগুলোর টুকরো টুকরো সমাধান সম্ভব নয়।
এ মুহূর্তে যে বিষয়ের ওপর সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে, সেটি হচ্ছে বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির ন্যায্যমূল্য এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা। এই বছর খাদ্যসংকট মোকাবিলায় ডব্লিউএফপির অর্থায়নের ঘাটতি পূরণ করতে কমপক্ষে এক হাজার কোটি ডলার দরকার। এখন পর্যন্ত কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সরকার গ্লোবাল অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটির (জিএএফএস) মতো কিছু উদ্যোগের পাশে দাঁড়িয়ে খাদ্যসংকট মোকাবিলায় এগিয়ে এসেছে। ৮০টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘গ্লোবাল ফুড সিকিউরিটি কল টু অ্যাকশন’ শীর্ষক রোডম্যাপকে সমর্থন দিয়েছে। খাদ্যসংকট মোকাবিলায় করণীয় নিয়ে ভূমধ্যসাগরীয় দেশগুলোর মন্ত্রিপর্যায়ে সংলাপ হয়েছে এবং গ্লোবাল ফুড সিকিউরিটি মিনিস্ট্রিয়াল কনফারেন্সে গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন হয়েছে।
যদিও এ কথা সুবিদিত যে উন্মুক্ত বাণিজ্য খাদ্যসংকট মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয়, ২০টির বেশি দেশ খাদ্য রপ্তানির ওপর (রপ্তানি লাইসেন্স, কর বা সরাসরি নিষেধাজ্ঞার মাধ্যমে) বিধিনিষেধ আরোপ করেছে।
অবশ্য আশার কথা, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যদেশগুলো সম্প্রতি ডব্লিউএফপির মানবিক পণ্যসামগ্রী কেনাকে রপ্তানি নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দিতে সম্মত হয়েছে। তবে কেবল এই উদ্যোগ যথেষ্ট নয়। বৈশ্বিক খাদ্যবাজার কীভাবে স্বল্প ও দীর্ঘ মেয়াদে কাজ করে এবং সরবরাহ ও মজুতের ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখে, সে সম্পর্কে আমাদের জ্ঞানের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে।
খাদ্যপণ্যের দাম কমাতে বিপুল পরিমাণে খাদ্যশস্য মজুতকারী দেশগুলোকে খাদ্য সরবরাহ বাড়াতে হবে। স্বচ্ছতা ও নজরদারির উন্নয়ন এবং গুজব প্রতিরোধে কৃষিবাজার তথ্যব্যবস্থা (অ্যাগ্রিকালচারাল মার্কেট ইনফরমেশন সিস্টেম, সংক্ষেপে এএমআইএস) জোরদার করতে হবে। আমাদের অবশ্যই এটি নিশ্চিত করতে হবে যে আরও অধিকসংখ্যক দেশ যেন কৃষি আমদানি বহুমুখীকরণ এবং আরও স্থিতিস্থাপক অভ্যন্তরীণ উৎপাদনের (যেখানে সম্ভব) মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে।
ইতালির প্রধানমন্ত্রী (সদ্য পদত্যাগী) মারিও দ্রাঘি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যরা তুলনামূলক কম দামে তেল কেনার জন্য একটি ‘কার্টেল’ তৈরির বিষয়ে আলোচনা করেছেন। নবায়নযোগ্য জ্বালানিব্যবস্থা ত্বরান্বিত ও জ্বালানি-দক্ষতা উন্নত করতে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে অনেক নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে তাঁরা আলোচনা করছেন। কিন্তু মিসরে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-২৭) বিষয়ে আমাদের গতি বাড়াতে হবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো আজকের খাদ্য, জ্বালানি এবং ঋণ সংকট মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে আরও অনেক কিছু করতে পারে। সেটি তাদের করতেও হবে। আইএমএফের ট্রিলিয়ন ডলারের ব্যালান্সশিটের মাত্র এক-চতুর্থাংশ অর্থ বর্তমান সংকটে সংগ্রামরত দেশগুলোকে আর্থিক সহায়তা এবং ঋণসেবা ও অনুদান দেওয়ার জন্য রাখা আছে। আইএমএফের এই ঋণের পরিমাণ বাড়ানো উচিত।
একইভাবে বিশ্বব্যাংক সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে একটি মূলধন পুনঃপূরণ আলোচনার মাধ্যমে এবং ঋণের গ্যারান্টি নিশ্চিত করার মাধ্যমে তার ট্রিপল-এ ক্রেডিট রেটিং সুবিধা ব্যবহার করে আরও ঋণ দিতে পারে।
ক্রমবর্ধমান ঋণ সংকট মোকাবিলায় আমাদের একটি শক্তিশালী আগাম বহুপক্ষীয় পুনর্গঠনপ্রক্রিয়া এবং অস্থিতিশীল ঋণের বোঝায় নুইয়ে পড়া উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদান সহযোগিতার উদ্যোগ দরকার।
২০১৫ সাল থেকে নিম্ন আয়ের দেশগুলোর ঋণ সংকট ৩০ শতাংশ থেকে বেড়ে দ্বিগুণ অর্থাৎ ৬০ শতাংশ হয়েছে।
অনেক মধ্যম আয়ের দেশের ক্রেডিট রেটিং নিম্নমুখী হচ্ছে, যার অর্থ হলো এসব দেশ উচ্চতর ঋণ-পরিষেবা ব্যয়ের সম্মুখীন হবে। বিশেষ করে এখন মার্কিন ফেডারেল রিজার্ভ এবং অন্যান্য প্রধান কেন্দ্রীয় ব্যাংক তাদের আর্থিক নীতি যেভাবে কঠোর করছে, তাতে মধ্যম আয়ের ঋণ পরিষেবা ব্যয় আরও বাড়তে থাকবে।
ঋণ সংকট কমাতে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে হবে। মহামারির প্রথম দিকে চালু করা ডেট সার্ভিস সাসপেনশন ইনিশিয়েটিভ (ডিএসএসআই) ৪৮টি নিম্ন আয়ের দেশে মাত্র ১ হাজার ৩০০ কোটি ডলার অস্থায়ী ত্রাণ দেওয়ার পরে এটির মেয়াদ ও কার্যক্রম শেষ হয়ে গেছে। অধিকন্তু, সংগঠনটি কেবল সরকারি দ্বিপক্ষীয় ঋণদাতাদের ঋণ দিয়েছিল। বেসরকারি ঋণদাতাদের বাদ দেওয়া হয়েছিল। অথচ উন্নয়নশীল দেশের ঋণের বৃহত্তম অংশ এই বেসরকারি ঋণদাতারাই দিয়ে থাকে।
ডিএসএসআই চালুর পর সংকটাপন্ন দেশগুলোর সার্বভৌম দেউলিয়া দশা কাটাতে এবং দীর্ঘায়িত তারল্যসংকট মোকাবিলায় ‘ঋণচিকিৎসা’র একটি কাঠামো বানানো হয়েছিল। এটি উন্নয়নশীল দেশগুলোকে ঋণ থেকে মুক্তি দেওয়ার উদ্দেশে করা হয়েছিল। ঋণগ্রহীতার ঋণের অপরিহার্য ব্যয় এবং তাদের পরিশোধ করার ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঋণ পুনর্গঠন করার কথা। কিন্তু প্রতিষ্ঠার দেড় বছরে মাত্র তিনটি দেশ (চাদ, ইথিওপিয়া ও জাম্বিয়া) এতে যুক্ত হয়েছে এবং তাদের কেউ–ই সফলভাবে ঋণ পুনর্গঠন করতে পারেনি।
বর্তমানে ৭৩টি দরিদ্রতম দেশের অংশগ্রহণে ডিএসএসআইয়ের এই কমন ফ্রেমওয়ার্ক দাঁড়িয়ে আছে। তবে এই কাঠামোকে আরও কার্যকর করতে এসব দেশের যোগ্যতার মানদণ্ড পর্যালোচনা এবং তা সম্প্রসারণ করা প্রয়োজন। একই সঙ্গে চীনের মতো ঋণদাতা দেশ ও বেসরকারি খাতগুলোকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে৷
সার্বভৌম ঋণ নিয়ে পুনঃ আলোচনার জন্য বৃহত্তর ঋণের স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। যদিও এতে চীনের অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হতে পারে। এতে বেসরকারি খাতের অংশগ্রহণও প্রয়োজন হতে পারে। বিশেষ করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই এর নজির রয়েছে।
সবশেষে আইএমএফের সারচার্জ (অত্যধিক ঋণগ্রহীতা দেশগুলোর জন্য ধার্য করা অতিরিক্ত ফি) অবিলম্বে স্থগিত করা উচিত। মহামারি শুরুর পর থেকে এ ধরনের বাড়তি খরচ বহনকারী দেশের সংখ্যা ইতিমধ্যে ৯ থেকে বেড়ে ১৬-তে দাঁড়িয়েছে। আইএমএফের হিসাবমতে, ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা ৩৮-এ পৌঁছাতে পারে।
আমরা এমন এক অভূতপূর্ব বহুবিধ সংকটের মুখোমুখি হচ্ছি, যা আমাদের ভবিষ্যৎকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে। এই হুমকি মোকাবিলায় জি-২০-কে আরও একবার সংকল্পবদ্ধ হয়ে গা ঝাড়া দিয়ে উঠতে হবে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট অনুবাদ: সারফুদ্দিন আহমেদ