স্মার্টফোনের ডিসপ্লেতে মাইক্রোসফটের লোগো
স্মার্টফোনের ডিসপ্লেতে মাইক্রোসফটের লোগো

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের ই–মেইল আউটলুক সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে ব্যবহারকারীরা মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ কয়েকটি সেবা ব্যবহার করতে পারছেন না।

এ সমস্যার সমাধানে মাইক্রোসফটের নেওয়া পদক্ষেপ প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না বলে গতকাল বৃহস্পতিবার জানায় এই মার্কিন প্রযুক্তি জায়ান্ট। তাই তারা বিকল্প সমাধান খুঁজছে।

কয়েক ঘণ্টা ধরে চলা এই বিপর্যয়ের প্রভাব ই–মেইল সেবার পাশাপাশি মাইক্রোসফটের অনলাইন যোগাযোগের প্ল্যাটফর্ম টিমস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটের ওপরও পড়েছে।

মাইক্রোসফট বলেছে, তাদের প্রযুক্তিগত অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।

এ বিপর্যয়ের প্রভাব বিশ্বজুড়েই পড়েছে। বিভিন্ন কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা আউটলুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না।

মাইক্রোসফট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘সেবা সচল রাখার সক্ষমতা বাড়াতে আমরা যেসব পরিবর্তন এনেছিলাম, সেগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করে দেখেছি যে তা প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।’

প্রযুক্তিপ্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘সেবার সক্ষমতা বাড়াতে বিকল্প উপায় খুঁজছি আমরা।’

তবে কখন নাগাদ সব সেবা পুরোপুরি সচল হবে, সে বিষয়ে কিছু জানায়নি মাইক্রোসফট।

বিপর্যয় শুরুর এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। অনলাইন সেবায় বিঘ্নের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দেয়।

এক্সে ডাউনডিটেক্টরের প্রকাশ করা একটি মানচিত্রে দেখা যায়, আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ইউরোপ, এশিয়া ও আফ্রিকার কিছু অংশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েছেন।