
অ্যাডাম হেন্ডি ও তাঁর দলের সদস্যরা আমাজন রেইন ফরেস্টে ফাঁদ পাতেন। তাঁরা আসলে মশার পেছনে ধাওয়া করছেন। কারণ, সেই মশা সম্ভবত এমন এক ভাইরাস বহন করতে পারে, যা ভবিষ্যতে মহামারির কারণ হবে। সে ক্ষেত্রে বিজ্ঞানীরা সময় থাকতে সেই মশা শনাক্ত করতে চান। প্রথম দল হিসেবে অ্যাডাম হেন্ডিরাই এই মশার দেখা পেতে পারেন। তবে এ জন্য চাই অনেক ধৈর্য ও অধ্যবসায়।
গাছের ওপরের দিকে বিশেষ বিপজ্জনক মশা বাস করে বলে জানা গেছে। অ্যাডাম ও তাঁর দলের সদস্যরা সেই মশাই ধরতে চান। তাঁরা এমন মশার সন্ধান করছেন, যেগুলো ওয়েস্ট নাইল বা ডেঙ্গুর মতো তথাকথিত আরবোভাইরাস বহন করে। এই ভাইরাস মেরুদণ্ডী প্রাণীর শরীরে বংশবৃদ্ধি করে ও মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু সেই মশার ওপর নজরদারি চালানো অত্যন্ত কঠিন।
প্রশ্ন হলো, জঙ্গলের গভীরের মশা কি বাইরের অংশের মশার তুলনায় ভিন্ন ভাইরাস বহন করে? সে প্রশ্নের জবাব পাওয়া অত্যন্ত কঠিন। অ্যাডাম হেন্ডি বলেন, ‘প্রথমে মশা ধরতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। কারণ, আগে এই মশা সম্পর্কে বেশি গবেষণা হয়নি। সেই মশা ধরার বিষয়ে আমরা অনেক পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছি। সেই প্রক্রিয়ায় আমাদের অনেক কষ্ট হয়েছে।’
বিপজ্জনক মশা ঠিক কোথায় বাস করে? অ্যাডামের অনুমান, গাছের একেবারে ওপরের অংশের মশা মানুষের জন্য হুমকি বয়ে আনে। সেই ধারণা প্রমাণ করতে তিনি জঙ্গলের মধ্যে ১০ মিটার উঁচু গবেষণামঞ্চ গড়ে তুলেছেন। অ্যাডাম বলেন, ‘গাছের মাথার মশা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। কারণ, সেই প্রাণী এমন প্যাথোজেন বহন করে, সাধারণত আমরা যেগুলোর সংস্পর্শে আসি না। আমাদের রোগ প্রতিরোধব্যবস্থা সে বিপদ চেনে না।’
গাছের মাথায় যে প্রজাতির মশা বাস করে, সেগুলো উষ্ণ ও শুষ্ক পরিবেশ পছন্দ করে। নিচে জঙ্গলের মাটির ওপর অন্য প্রজাতির মশা দেখা যায়, যেগুলো ছায়া ও শীতল পরিবেশে থাকতে চায়। কিন্তু বিপজ্জনক মশা কখন গাছের মগডাল থেকে নিচে নামে? সেই প্রশ্নের উত্তর পেতে অ্যাডাম ও তাঁর দল বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় মশা ধরছেন। তিনি বলেন, ‘আমরা যখন জঙ্গলের ধারে গাছ কেটে ভবন অথবা সড়ক তৈরি করি, আমরা সেখানকার আবহাওয়া বদলে দিই। গাছের মগডালের নিচের পরিবেশ তখন গরম ও শুষ্ক হয়ে পড়ে। ফলে গাছের ওপরের দিকের মশাগুলো জমির আরও কাছাকাছি চলে আসে। মানুষের সঙ্গে সেগুলোর যোগাযোগের আশঙ্কাও বেড়ে যায়।
ঘন জঙ্গলে মশার ওপর নজরদারি হয়তো সম্ভব। কিন্তু রেইন ফরেস্টে গাছ কাটা কমানো আরও সহজ উপায়। কারণ, প্রতিটি নতুন সড়ক হয়তো বিপজ্জনক মশা ডেকে আনছে।