সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে গতকাল মঙ্গলবার একটি সোনার খনিতে ধসের ঘটনায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।
সুদানের রাষ্ট্রীয় ওই খনি কোম্পানির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দূরে ফুজা গ্রামে অচল ও বন্ধ খনিটিতে এ ধসের ঘটনা ঘটে।
সুদানিজ মিনারেল রিসোর্সেস লিমিটেড কোম্পানি বলেছে, অন্তত ৩৮ জনের প্রাণহানি ছাড়াও আরও অনেকে আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত, জানায়নি তারা।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দারসায়া নামের ওই সোনার খনির একাধিক খাদে ধসের পর অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেসবুকে খনি কোম্পানির পোস্ট করা ছবিতে দুর্ঘটনাস্থলের কাছে গ্রামবাসীদের ভিড় করে থাকতে দেখা যায়। হতাহত ব্যক্তিদের উদ্ধারে দুটি ড্রেজার দিয়ে খননকাজ চলছে। অন্যান্য ছবিতে দেখা যায়, মৃত ব্যক্তিদের দাফনে স্থানীয় বাসিন্দারা কবর খনন করছেন।
সুদানের সোনার খনিগুলোতে মাঝেমধ্যেই প্রাণঘাতী ধসের ঘটনা ঘটে। খনিতে সুরক্ষার জন্য যেসব মানদণ্ড মেনে চলার কথা, বেশির ভাগ ক্ষেত্রে তা মানা হয় না।