মন্ত্রিসভায় কারা থাকবেন, ঠিক করে দিতেন গুপ্ত ভাইয়েরা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আমলে গুপ্ত পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে
ছবি: টুইটার

দক্ষিণ আফ্রিকার তিনটি বড় কোম্পানির আড়ালে অর্থ পাচার করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে আলোচিত গুপ্ত পরিবারের দুই সদস্য রাজেশ গুপ্ত ও অতুল গুপ্ত ওই তিন কোম্পানিকে কাজে লাগিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্পদ দখল করেছিলেন। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা ২০০৯-১৮ মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। তাঁর আমলে বিতর্কিত এই দুই ভাইয়ের উত্থান। তাঁর পরিবারের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে গুপ্ত পরিবারের বিরুদ্ধে প্রকল্প বাগিয়ে নেওয়া, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, মন্ত্রিপরিষদে নিয়োগ প্রভাবিত করা ও রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগ উঠেছে। আল–জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট (আই–ইউনিট) অর্থ পাচারে ব্যবহৃত তিনটি কোম্পানির তথ্য সামনে এনেছেন।

ওই তিন কোম্পানি হলো ভারলোজোন, জকুবাইট ও কোরাল জেনারেল ট্রেডার্স। দক্ষিণ আফ্রিকার সরকার এ বিষয়ে তদন্ত করতে ‘জোন্ডো কমিশন’ নামে একটি তদন্ত কমিশন গঠন করে। দক্ষিণ আফ্রিকার অল্প কিছু ব্যবসায়ী ও রাজনীতিবিদদের রাষ্ট্রীয় সম্পদকে হাতিয়ে নেওয়া ও প্রতারণার বিষয়টি তদন্ত করছে ওই কমিশন।

জোন্ডো কমিশনের নিয়োগ দেওয়া তদন্ত কর্মকর্তারা এসব কোম্পানি ব্যবস্থাপনায় কারা জড়িত বা দক্ষিণ আফ্রিকা থেকে পাচার করা অর্থ গুপ্ত ভাইদের পক্ষে কারা নিয়ে গেছেন, তা বের করতে কাজ চালিয়ে যাচ্ছে।

তবে আল–জাজিরা দাবি করেছে, তাদের কাছে যে নথি আছে, তাতে ভারলোজোন, জকুবাইট ও কোরাল জেনারেল ট্রেডার্সের পেছনে যে ব্যক্তি রয়েছেন, তাঁকে শনাক্ত করা যায়। তাঁর নাম মোহাম্মেদ খান। তিনি মো ডলারস নামেও পরিচিত। তিনি দক্ষিণ আফ্রিকার অর্থ পাচারকারী হিসেবে অধিক পরিচিতি।

মোহাম্মেদের ভাই ও  হুইসেলব্লোয়ার দাউদ খান বলেন, মোহাম্মেদ খানের মাধ্যমেই অর্থ পাচার করা হয়েছে।

‘রাষ্ট্র দখল’ হলো দুর্নীতির একটি রূপ, যেখানে একটি ক্ষুদ্র দল ব্যক্তিগত লাভের আশায় রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার অধীনে দক্ষিণ আফ্রিকার বর্তমান সরকার গুপ্ত পরিবারের দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাঁদের বিরুদ্ধে জুমা সরকারের সময় নানা দুর্নীতি করে রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগ রয়েছে। গত বছরের জুনে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হন ওই দুই ভাই। তবে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ওই দুই ভাইকে প্রত্যার্পণে দক্ষিণ আফ্রিকার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

তবে গুপ্তদের এই মামলায় মোহাম্মেদ খানকে শনাক্ত করার ব্যাপারে নতুন তথ্য মিলতে পারে। দক্ষিণ আফ্রিকায় ‘গোল্ড মাফিয়া’ নামের চার পর্বের ধারবাহিকে অর্থ ও সোনা পাচার নিয়ে গুপ্ত পরিবারের দুর্নীতির নতুন এ সূত্র পাওয়া যায়।

গুপ্ত ভাইয়েরা

রাষ্ট্র দখল, দুর্নীতি ও গুপ্তদের প্রতারণা নিয়ে তদন্ত করতে ২০১৮ সালে জোন্ডো কমিশন গঠিত হয়। এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের চাপের মুখে প্রেসিডেন্ট জ্যাকব জুমা পদত্যাগ করেছিলেন। দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠার পর তাঁর ওপর পদত্যাগের চাপ বাড়ছিল।

জুমার বিরুদ্ধে অন্যতম অভিযোগ, তিনি ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে তাঁর ‘আশকারাতেই’ গুপ্ত পরিবার রাজনীতিতে বেপরোয়া হস্তক্ষেপ করেছে। জুমার পদত্যাগের পর জোহানেসবার্গের গুপ্তবাড়িতে তল্লাশিও চালায় পুলিশ।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা

১৯৯৩ সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের তিন ভাই—অজয় গুপ্ত, অতুল গুপ্ত ও রাজেশ ওরফে টনি গুপ্ত দক্ষিণ আফ্রিকায় ব্যবসা শুরু করেন। দেশটির ক্ষমতাসীন রাজনীতিকদের সঙ্গে পরিবারটির ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে ২০১৩ সালে।

অভিযোগ ওঠে, কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, আড়াল থেকে কলকাঠি নেড়ে তা-ও ঠিক করে দিত গুপ্ত পরিবার। এমনকি কেউ কেউ যুক্তরাষ্ট্রের আলোচিত ‘ওয়াটারগেট কেলেঙ্কারির’ আদলে বিষয়টিকে ‘গুপ্তগেট’ বলে ডাকতে শুরু করেন। গুপ্তদের প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা দেশটির বিভিন্ন চুক্তি পেতে শুরু করে। এ কাজে তারা রাজনীতিবিদদের ঘুষ দেওয়া, প্রভাব খাটানোর মতো নানা কাজ শুরু করে। তাদের প্রভাব এতটাই ছিল যে ২০১৩ সালে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ভারত থেকে কয়েক শ অতিথিকে আনতে দক্ষিণ আফ্রিকার সামরিক বিমানবন্দর ব্যবহার নিয়ে দেশটিতে বিতর্কের জন্ম দেয়।

তারা রাষ্ট্র দখলের মাধ্যমে যে অর্থ কামিয়েছিল, তা কয়েকটি কোম্পানির নেটওয়ার্ক গড়ে উধাও করে দিতে সক্ষম হয়েছিল। এর মধ্যে তদন্ত উঠে আসা ওই তিন কোম্পানিও ছিল। তদন্তকারীরা তাদের এই কোম্পানিগুলোর নাম দিয়েছে ‘স্পাইডার ওয়েব’ বা মাকড়সার জাল।

জোন্ডো কমিশনের নিয়োগ করা এক কর্মকর্তা হলেন পল হোল্ডেন। তিনি অর্থ পাচার প্রতিরোধবিশেষজ্ঞ। তিনি আল–জাজিরাকে বলেন, ‘আমরা রাষ্ট্র দখল থেকে এই নেটওয়ার্কে অর্থ আসার প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করছিলাম। আমরা জানতাম, কোনো নেটওয়ার্ক ব্যবহার করেই এই অর্থ যাচ্ছে। কমিশন যখন গুপ্তদের ভারলোজোন থেকে দুবাইভিত্তিক কোম্পানি গ্রিফিন লাইন জেনারেল ট্রেডিংয়ে অর্থ যেতে দেখে, তখনই একটি পরিষ্কার সূত্র পাওয়া যায়।’

গ্রিফিন লাইন জেনারেল ট্রেডিংয়ের নিয়ন্ত্রণ ছিল গুপ্তদের হাতে। তবে ভারলোজোন কোম্পানিকে দেখানো হতো শাহ বুখারি নামের একজনের মালিকানায়। কিন্তু প্রকৃতপক্ষে কোম্পানি চালাতেন খান। অর্থ পাচারকারী হিসেবে পরিচিত খান সিগারেট খাতের ডন ও সোনা পাচারকারী সিমন রুডল্যান্ডের হয়ে কাজ করেছেন। তিনি তাঁকে ১০ কোটি মার্কিন ডলারের বেশি পাচারে সহযোগিতা করেছেন। এ ছাড়া খান দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাকে ঘুষ দিয়ে অর্থ পাচারে সহযোগিতায় রাজি করিয়েছিলেন।

আল–জাজিরার হাতে আসা নথি অনুযায়ী, বিভিন্ন কোম্পানি ঘুরে অর্থ ভারলোজোন ও জকুবাইটের অ্যাকাউন্টে জমা হতো। ভারলোজোনের ১৮ লাখ মার্কিন ডলার ৬ মাস ধরে বিভিন্ন অফশোর কোম্পানিতে পাঠায়। কোরাল জেনারেল ট্রেডার্স মূলত অর্থ জমাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করত। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আসা অর্থ এখানে সাময়িকভাবে রাখার পর বিভিন্ন দেশের কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হতো।

বিদেশে অর্থ পাচারে ‘মার্চেন্টিং’ নামের একধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। এর মাধ্যমে ভুয়া ইনভয়েস তৈরি করে বিভিন্ন পণ্য আমদানির আগাম অর্থ পরিশোধ দেখানো হয়। ইনভয়েস তৈরি করলেও অর্থের বিপরীতে কোনো পণ্য পাঠানো হয় না। এ ক্ষেত্রে পণ্য পাঠানো ও পণ্য প্রেরণ বা অর্থ গ্রহণের ব্যক্তি একজনই। এ ধরনের ইনভয়েসগুলো পাঠানো হতো হংকংভিত্তিক কিছু কোম্পানির নামে। এগুলোর মালিকানা ছিল খানের।

যে তিন কোম্পানি অর্থ পাচারে জড়িত, তারা অর্থ পাঠিয়েছে সাসফিন ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের কর্মীদের ঘুষ দিয়ে সবকিছু ঠিকঠাক করে রাখা হয়। এই কর্মীদের একজন হলেন হুসেইন চুনারা। তিনি ওই সময় সাসফিন ব্যাংকের বৈদেশিক মুদ্র লেনদেন বিভাগের দায়িত্বে ছিলেন।

খানের সঙ্গে হুসেইন চুনারার হোয়াইটসঅ্যাপে কথোপকথন তাঁদের অর্থ পাচারের প্রমাণ দেয়। মোহাম্মেদ খানের ভাই দাউদ খান বলেন, অর্থ পাচারকারীরা তিনটি কোম্পানিকে বিনিময়যোগ্য হিসেবে ব্যবহার করে আসছিল। তিনটি কোম্পানি একটি হিসেবে ভূমিকা পালন করত।

আল–জাজিরা মোহাম্মেদ খানের সঙ্গে কথা বলেছে। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এসব মিথ্যা। অনুমানের ওপর ভিত্তি করে অভিযোগ করা হয়েছে। যেসব প্রমাণের কথা বলা হচ্ছে, সেগুলো বিকৃত করা। অর্থ পাচার, ঘুষের সঙ্গেও তিনি সংশ্লিষ্ট নন। কখনো গুপ্তদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি।

গ্রিফিন লাইন ট্রেডিং অভিযোগ অস্বীকার করে বলেছে, গুপ্ত ভাইয়েরা এই কোম্পানির মালিকানায় নেই। মোহাম্মেদ খানের সঙ্গেও তাদের সংশ্লিষ্টতা নেই। জোন্ডো কমিশনের যেসব অভিযোগ, তার সঙ্গেও তারা সংশ্লিষ্ট নয়। সিমন রুডল্যান্ডও অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিবেদনে অন্য যাঁদের নাম এসেছে, তাঁরা আল–জাজিরার অনুরোধে সাড়া দেননি।