সুদান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে ভারত

জাহাজে করে সরিয়ে নেওয়া হয় ভারতীয় নাগরিকদের
ছবি: টুইটার থেকে নেওয়া

ক্ষমতার দ্বন্দ্বে সুদানে শুরু হওয়া লড়াইয়ের ১৫ দিন পার হয়েছে। সংঘাতের মুখে ইতিমধ্যে কূটনীতিকসহ অনেক বিদেশি নাগরিক সুদান ছেড়েছেন। এ অবস্থায় নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে ভারত।

ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে মঙ্গলবার সুদান বন্দরে আসে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমেধা। পরে ২৭৮ জন ভারতীয় নাগরিক নিয়ে সৌদি আরবের জেদ্দা বন্দরের উদ্দেশে ছেড়ে যায় জাহাজটি।

গত ১৫ এপ্রিল সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হয়। এমন অবস্থায় প্রায় ৩ হাজার ভারতীয় নাগরিক সুদানে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধার করতে এ সপ্তাহে অপারেশন কাবেরী নামে একটি মিশন শুরু করেছে ভারত।

সুদান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি ছবি টুইট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। ছবিতে দেশের পতাকা হাতে ছবি তুলতে দেখা গেছে ভারতীয় নাগরিকদের। উদ্ধার করা ভারতীয়দের মধ্যে নারী ও শিশুদের সংখ্যা বেশি।