সুদানের সন্দেহভাজন যুদ্ধাপরাধী ইসলামপন্থী সাবেক শাসক ওমর আল–বশিরের সরকারের শীর্ষ কয়েক কর্মকর্তা চলমান যুদ্ধের মধ্যে কারাগার থেকে পালিয়ে গেছেন। এ কারণে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৯ সালে বশিরের নেতৃত্বধীন ইসলামপন্থী সরকার ক্ষমতাচ্যুত হয়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গতকাল মঙ্গলবার সেনাবাহিনী প্রতিপক্ষ আধা সামরিক বাহিনীর ওপর বিমান হামলা চালানোর ফলে যুদ্ধবিরতি চুক্তি এমনিতে ভঙ্গুর অবস্থায় রয়েছে।
পালিয়ে যাওয়া কর্মকর্তাদের মধ্যে কমপক্ষে একজনের বিরুদ্ধে হুলিয়া জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। তাঁদের বিরুদ্ধে দারফুরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। বশিরের সহযোগীদের পালিয়ে যাওয়ার ফলে চলমান সংঘাত আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একবিংশ শতাব্দীর প্রথম দশকের মাঝামাঝি দারফুরে বিদ্রোহীদের দমনে পরিচালিত সামরিক অভিযানের নেতৃত্বে ছিলেন বশিরের শীর্ষ সহযোগী আহমেদ হারুন। তিনি মঙ্গলবার বলেছিলেন, তিনি ও বশির সরকারের আরও কয়েক সদস্য কোবার কারাগার থেকে পালিয়েছেন।
ওমর আল–বশিরও ও একই কারাগারে বন্দী ছিলেন। তবে সেনাবাহিনী নিশ্চিত করেছে, চলমান সংঘাত শুরুর আগে ১৫ এপ্রিল ৭৯ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, অসুস্থ হওয়ায় বশির ও তাঁর সরকারের বন্দী কয়েক সদস্যকে সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। বিচারিক পুলিশের পাহারায় তাঁরা এখনো হাসপাতালে রয়েছেন।
সেনাপ্রধান আবদেল ফাতাহ আল–বুরহান ও প্রতিদ্বন্দ্বী আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর অনুসারীদের মধ্যে সংঘাতের সুযোগে এ নিয়ে তৃতীয়বারের মতো কারাগার থেকে আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সুদানি টেলিভিশনে পাঠানো রেকর্ড করা এক বার্তায় হারুন বলেন, ‘চলমান সংঘাতের মধ্যেও আমরা কোবার “ক্রসফায়ার”–এর মধ্যে কোবার কারাগারে ছিলাম। এমনকি সব প্রহরী ও বন্দী চলে যাওয়ার পরও শূন্য কারাগারে আমরা ছিলাম।’
বশিরের এই শীর্ষ সহযোগী বলেন, তিনি ও তাঁর অন্য সহযোগীরা অন্য এক অবস্থানে আছেন এবং ‘এখন নিরাপত্তার স্বার্থে নিজেদের দায়িত্ব নিজেরা নিয়েছেন’।
সুদানে নিরাপত্তা উদ্বেগ এমনিতে বাড়ছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, খার্তুমে কলেরা, হাম, পোলিওসহ অন্যান্য সংক্রামক ব্যাধির নমুনা রাখা একটি গবেষণাগার যুদ্ধরত একটি পক্ষের দখলে যাওয়ার পর ‘বিরাট জীবাণুঝুঁকি’ দেখা দিয়েছে।
বিবদমান দুই পক্ষের জেনারেলদের মধ্যে যুদ্ধের মধ্যে বিমান হামলা ও গোলা নিক্ষেপ চলছে। এতে কয়েক শ মানুষ নিহত হয়েছেন। খার্তুমের কিছু কিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।