ঘানার খ্যাতনামা লেখক আমা আতা আইদু (৮১) মারা গেছেন। গতকাল বুধবার স্থানীয় সময় সকালে তিনি মারা যান। তাঁর পরিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
আইদুর লেখা ‘দ্য ডাইলেমা অব আ ঘোস্ট’ ও ‘চেঞ্জেস’ কয়েক দশক ধরে পশ্চিম আফ্রিকার বিদ্যালয়গুলোতে পড়ানো হচ্ছে। তিনি ছিলেন নাট্যকার। লিখেছেন কবিতাও।
আইদুর পরিবারের এক প্রতিনিধির সই করা বিবৃতিতে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।
আইদু ১৯৪২ সালে ঘানার মধ্যাঞ্চলের একটি গ্রামে জন্ম নেন। তিনি লেখালেখি শুরু করেন ১৫ বছর বয়সে। ঘানা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পড়াশোনা করেন। পরে সেখানেই শিক্ষকতা করেন।
আইদুর লেখা প্রথম নাটক ‘দ্য ডাইলেমা অব আ ঘোস্ট’ প্রকাশিত হয় ১৯৬৫ সালে। কোনো আফ্রিকান নারী লেখকের এটাই ছিল প্রথম নাটক। ক্রমে তিনি আফ্রিকা মহাদেশের অন্যতম লেখক হয়ে ওঠেন। নতুন লেখক, শিল্পী ও নারীবাদীদের অনুপ্রেরণা ছিলেন তিনি।
আইদু ১৯৮২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ঘানার শিক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
‘চেঞ্জেস’ বইয়ের জন্য কমনওয়েলথ লেখক পুরস্কার পান আইদু।