‘যখনই দেশ ছাড়ার কথা বলেছি, তারা আমাদের পাগল ভেবেছে’

১৯ এপ্রিল সকালে নুন আবদেল বাসিত ও তাঁর পরিবারের সদস্যরা সুদানের রাজধানী খার্তুমে বাসে চেপে বসেন। মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে এটি ছিল তাঁদের ৪৮ ঘণ্টার যাত্রা। ২১ বছর বয়সী মেডিকেল শিক্ষার্থী নুন কেন পরিবার নিয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে আল-জাজিরার সঙ্গে কথা বলেন তিনি।

নুন আবদেল বাসিত
ছবি : আল জাজিরার ভিডিও থেকে নেওয়া

এমন একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে, কেউ আঁচও করতে পারেনি। আচমকাই এ যুদ্ধ বেধে গেল। এমনকি সেদিন আমার ভাইবোনেরাও বিশ্ববিদ্যালয়ে গেছেন, আমার মা–ও কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এর মধ্যে একের পর এক ফোন আসতে লাগল। সবাই বলছিলেন, বাইরে গোলাগুলি চলছে। এ দেশ আর নিরাপদ নয়। এখন বাড়ির বাইরে যাওয়া নিরাপদ নয়। সেদিন রাতেই বোমা হামলা, এমনকি যুদ্ধবিমানের ব্যবহারও শুরু হয়ে যায়। এটি সত্যি খুব ভয়ংকর ছিল।

আমরা সবাই বাড়ির ভেতরেই রইলাম। শহরে তখন কেবল গুলি, বোমা ও ক্ষেপণাস্ত্রের শব্দ। আমাদের বাড়ি কেঁপে উঠছিল। এ পরিস্থিতিতে আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, কিন্তু তা খুব কঠিন ছিল।

সুদানের সব নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সীরা কোনো ধরনের ভিসা ছাড়াই মিসরে যেতে পারেন। তবে ১৬ থেকে ৪৯ বছর বয়সী সুদানি পুরুষের ক্ষেত্রে ভিসা প্রযোজ্য।

আমরা বাড়ি থেকে বের হতে পারিনি, কোথাও যেতে পারিনি। আমরা খাবার ও পানি মজুত করার চেষ্টা করেছি, কিন্তু সব সুপারমার্কেট ও দোকান বন্ধ ছিল। চতুর্থ দিন, আমাদের বাড়িতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আমাদের জানালা-দরজা সব ভেঙে বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার পর আমরা ভাবলাম, যা হচ্ছে তাতে আমাদের জীবনও যেতে পারে। আর তখনই আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের এখান থেকে সরতে হবে।

দেশ ছাড়ার প্রস্তুতি শুরু

দেশ ছেড়ে কোথায় গিয়ে উঠব, তা নিয়ে খুব বেশি বিকল্প আমাদের ছিল না। হয় আমাদের সড়কপথে মিসর সীমান্তে যেতে হবে অথবা খার্তুমের বাইরে অন্যান্য শহর বা গ্রামে গিয়ে আশ্রয় নিতে হবে। আমার মা আশঙ্কা করেছিলেন, এ অস্থিরতা বাইরের শহরগুলোয় ছড়িয়ে পড়তে পারে, তাই নিরাপদ বিকল্প মিসরে যাওয়া।

সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দেশটির দুই বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল লড়াই শুরু হয়

এরপর আমরা আমাদের মতো খোঁজখবর নিতে শুরু করলাম। তখনো আমরা জানি না, কেউ দেশে ছেড়েছে কি না। যতবারই আমরা অন্যদের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছি আমাদের সঙ্গে যেতে চায় কি না, তারা ভেবেছে, আমরা পাগল। সংঘর্ষের পঞ্চম দিনই আমরা এর পরিণতি কী হবে বা কী হতে পারে, তা না ভেবে বাসে চেপে বসি।

মিসর সীমান্তের দিকে যাত্রা

আমরা নামমাত্র কিছু জিনিস নিজেদের সঙ্গে নিই। প্রত্যেকে শুধু নিজেদের ফোন, ল্যাপটপ, কিছু সুদানি পাউন্ড এবং কয়েকটি পোশাক নিয়েছে। আমরা সোবায় চলে গেলাম, যেটি এখন পর্যন্ত খার্তুমের তুলনামূলকভাবে নিরাপদ এলাকা।

সুদান থেকে মিসরে যাতায়াতকারী বাসের ভাড়া এখন অনেকে বেড়ে গেছে

সেখান থেকেই বাসচালক আমাদের তুলে নিলেন। এই বাস নিয়মিত মিসরে যাতায়াত করে। আমাদের আত্মীয়স্বজন ও পারিবারিক বন্ধুদের জন্য ৫০ আসনের এই বাসটি আমরা ২০ লাখ সুদানি পাউন্ড দিয়ে ভাড়া করেছিলাম।

এখন ভাড়া ব্যাপক বেড়ে গেছে। প্রতিটি বাসের জন্য ভাড়া গুনতে হচ্ছে চার কোটি সুদানি পাউন্ড। এরপরও বাস পাওয়া যাচ্ছে না।

পথে তিনটি তল্লাশিচৌকিতে আমাদের থামানো হয়েছে। এর মধ্যে একবার থামিয়েছে আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস এবং দুবার সুদানের সেনাবাহিনী।

আমরা যখন মিসরে আসছিলাম, তখন যুদ্ধবিরতি চলছিল। তল্লাশিচৌকিগুলোয় তারা শুধু জিজ্ঞাসা করেছিল, আমরা কোথা থেকে আসছি আর কোথায় যাচ্ছি। যখন তারা বুঝতে পেরেছিল, আমরা স্বজন ও পরিবার-পরিজন এবং আমাদের সঙ্গে শিশু ও বৃদ্ধরা আছে, তখন তারা আমাদের ছেড়ে দেয়।

আমরা সকাল ১০টায় খার্তুম ছাড়ি আর সীমান্তে যখন পৌঁছাই তখন রাত দুইটা। আমরা যখন মিসরে পৌঁছাই, তখন পরের দিন সকাল ৬টা।

একই সীমান্ত, ভিসায় ভিন্ন নিয়ম

সুদানের সব নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সীরা কোনো ধরনের ভিসা ছাড়াই মিসরে যেতে পারেন। তবে ১৬ থেকে ৪৯ বছর বয়সী সুদানি পুরুষের ক্ষেত্রে ভিসা প্রযোজ্য। তাই দুর্ভাগ্যবশত আমার ভাই ও দুই চাচাকে রেখেই আমাদের মিসরে আসতে হয়েছে। এখনো তারা ভিসা পেতে চেষ্টা করে যাচ্ছে।

নুন আবদেল বাসেত যখন খার্তুম ছাড়েন তখন সকাল ১০টা, আর মিসরে যখন পৌঁছাই তখন পরের দিন সকাল ৬টা

মিসরের সীমান্তবর্তী সুদানের শহরটির নাম হালফা। এখানে থাকা মিসরের কনস্যুলেট ভিসার বিষয়টি দেখে। তাদের (ভাই ও চাচাদের) বলা হয়েছিল, পরদিন ভিসাকেন্দ্র খুলবে। তাই তারা পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কিন্তু সেই ভিসাকেন্দ্র এখনো খোলা হয়নি। এখন এমন কথাও ভেসে বেড়াচ্ছে, যুদ্ধের মধ্যে এটি আর খোলা হবে না। তাই সীমান্তে এখন শত শত মানুষ মিসরে ঢুকতে অপেক্ষার প্রহর গুনছে।

সুদানের নাগরিকদের মধ্যে যাঁদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং যাঁরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশের নাগরিক, তাঁরা ২৫ ডলারের বিনিময়ে অন অ্যারাইভাল ভিসা পান। আমাদের দলে যুক্তরাষ্ট্র, সুইডেন ও আয়ারল্যান্ডের নাগরিকেরাও ছিলেন। তারা অন অ্যারাইভাল ভিসা পেয়েছেন।

আমাদের এত মন খারাপের এটিও একটি কারণ। একজন বিদেশি নাগরিক যদি অন অ্যারাইভাল ভিসা পেতে পারেন, তাহলে একজন সুদানি নাগরিক যিনি সাধারণত বিনা মূল্যে ভিসা পেতেন, তাঁকে কেন অন অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে না এবং তাঁকে কেন ফেরত পাঠাতে হবে?

আমরা সীমান্ত পার হয়ে কাছের শহর আসওয়ানে যাই। সেখানে যেতে আরও চার ঘণ্টা লাগে। সেখানে আমাদের বাসস্টেশনে নামিয়ে দেওয়া হয়। এরপর একটি ট্যাক্সি নিয়ে রেলস্টেশনে যাই। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ট্রেন আসে। সেই ট্রেনে ১৪ ঘণ্টার সফর শেষে আমরা কায়রো পৌঁছাই। এখানে আমরা একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সবাই আছি।

সুদানে দুই পক্ষের মধ্যে লড়াই বন্ধের আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়

এখন পর্যন্ত আমরা সত্যিই চিন্তা করিনি, ভবিষ্যতে আমরা কী করতে যাচ্ছি। এখন আমাদের প্রথম চাওয়া, আমার ভাই ও চাচারা এখানে আসবেন।

আমরা ইন্টারনেটের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করি, সেটিও কয়েক মুহূর্তের জন্য। কারণ, ইন্টারনেট সেবার অবস্থা খুবই খারাপ। আজকে এখন পর্যন্ত তাদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

সুদানের নাগরিক ও বিশ্বের জন্য বার্তা

আমার মতো যাঁরা একই ধরনের যাত্রা করতে চান, তাঁদের জন্য প্রথম যে কথা বলব, তা হলো এ নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। আমি জানি, এটি একটি ভীতিকর যাত্রা। কিন্তু নিজের প্রতি বিশ্বাস রেখে এটি করতে হবে।

মরুর বুকে এই যাত্রাপথ সত্যি অনেক দীর্ঘ ও গরমের

ব্যাগ ভারী করা যাবে না। অবশ্যই পর্যাপ্ত সুপেয় পানি সঙ্গে রাখতে হবে। কারণ, মরুর বুকে এই যাত্রাপথ সত্যি অনেক দীর্ঘ ও গরমের। সঙ্গে হালকা খাবার, প্রাথমিক চিৎসার ওষুধ রাখতে হবে। আর নারীদের মাথায় অবশ্যই স্কার্ফ থাকতে হবে এবং শালীন পোশাক পরতে হবে।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও সরকারগুলোকে সুদানের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানাচ্ছি। আরও গণমাধ্যমের কাছে আমাদের কথা পৌঁছানো দরকার। আমরা মিসর সরকারকে অন্তত এখনকার জন্য ভিসার বিষয়টি বাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছি, যাতে সুদানের লোকজন নিরাপদে সীমান্ত পাড়ি দিতে পারে।

বর্তমানে সীমান্তের অবস্থা খুব, খুব, খুব বিশৃঙ্খল। লোকজন সেখানে শিশু ও বৃদ্ধদের নিয়ে আটকা পড়ে আছেন। আমাদের সাহায্য প্রয়োজন।