ট্রাম্পের মন্তব্য 'দায়িত্বহীন' বলল চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। রয়টার্স ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। রয়টার্স ফাইল ছবি

চীন বলেছে, উত্তর কোরিয়াকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ব্যাপারে সে যথেষ্ট চাপ দিচ্ছে না—প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য ‘দায়িত্বহীন’।

প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে টানাপোড়েন থাকায় চীন ‘সাহায্য করছে না’।

বাণিজ্য-ঘাটতির কারণে চীনের পণ্যের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করার পর থেকেই উভয় দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এটি হচ্ছে ‘বাস্তব ঘটনার বিপরীত চিত্র’ এবং চীন ‘খুবই উদ্বিগ্ন’।

প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর নির্ধারিত উত্তর কোরিয়া সফর বাতিল করেন।

ট্রাম্প বলেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়নি।

গত জুনে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে শীর্ষ বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, দেশটি আর পারমাণবিক হুমকি নয়।

কিন্তু এরপর থেকে দেশটি তার পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বলে বেশ কয়েকটি খবর পাওয়া যায়।

সর্বসাম্প্রতিক সতর্কবার্তা আসে অজ্ঞানামা কয়েকজন মার্কিন কর্মকর্তার কাছ থেকে। তাঁরা ওয়াশিংটন পোস্টকে বলেন, উত্তর কোরিয়া দৃশ্যত নতুন নতুন আন্তমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল তৈরি করছে।

জাতিসংঘের পারমাণবিক সংস্থাও (আইএইএ) বলেছে, উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে।

ইতিমধ্যে উত্তর কোরিয়ার একটি পর্যটন রিসোর্টে ৬৫ বছর আগে যুদ্ধের সময়ে আলাদা হয়ে যাওয়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার পরিবারগুলোর দ্বিতীয় দফা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।