জাপানের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়র হলেন ২৬ বছরের তরুণ

রোসুকে তাকাশিমা
ছবি: টুইটার

জাপানের ইতিহাসে গত রোববার সবচেয়ে কম বয়সী মেয়র নির্বাচিত হয়েছেন রোসুকে তাকাশিমা। তিনি ১ মে থেকে হায়োগো প্রিফেকচারের আশিয়া সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। দেশটির সরকারি সম্প্রচারকেন্দ্র এএইচকে এ তথ্য জানায়।

২৬ বছর ২ মাস বয়সী এই তরুণ গত বছর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশল বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তাকাশিমা সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, বয়স কম হওয়ার কারণে লোকজন খুব সহজে আমার সঙ্গে মিশতে পারবেন। কারণ, আমার রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই। আমি যা বুঝতে পারি না, তা সবার কাছে জিজ্ঞাসা করে জানতে চাই। এভাবে আমি অনেক কিছু শিখতে পারি। আর আমি আমার কাজের মধ্য দিয়ে সেই জিনিসগুলোর প্রতিফলন দেখাতে চাই।’

এর আগে দেশটির সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন কাতারো শিশিতা। তিনি ১৯৯৪ সালে ২৭ বছর বয়সে টোকিওর মুসাশিমুরায়ামা থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

তাকাশিমা তাঁর নির্বাচনী প্রচারে সবুজ অবকাঠামোর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। এ ছাড়া তিনি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত স্থান ও পার্ক তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সঙ্গে শিক্ষা, শিশুযত্ন ও যুব স্বাস্থ্যসেবা খাতে সংস্কারেরও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পান।

তাকাশিমা বলেন, ‘আমি আশা করি, জনগণ আমাকে আমার বয়স দিয়ে মূল্যায়ন করবেন না, বরং আমার কাজের অর্জনের মধ্য দিয়েই তাঁরা আমাকে দেখবেন। আমার বয়স যেহেতু কম, তাই আমি দৌড়াতে পারব। আশিয়াকে আমি বিশ্বের সবচেয়ে বেশি বসবাস উপযোগী শহর হিসেবে গড়ে তুলতে চাই।’

উল্লখ্য, জাপানের পার্লামেন্টে বেশির ভাগেরই বয়স ৫০ থেকে ৭০ বছর। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের তথ্যমতে, তাঁদের ৭৫ শতাংশই পুরুষ।

নির্বাচনী প্রচারের সময় তাকাশিমা তাঁর স্কুলের সাবেক সহপাঠীদের সাহায্যে সামাজিক নেটওয়ার্কিং সেবার মাধ্যমে তরুণদের কাছ থেকে সমর্থন আদায় করেছিলেন।

তাকাশিমা শিক্ষার্থী থাকাকালে অলাভজনক একটি সংস্থা গড়ে তুলেছিলেন। এটি বিদেশে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকে।