
ভারতের কর্ণাটক বিধানসভার ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ মে দক্ষিণের এ রাজ্যের ২২৪ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে।
কর্ণাটকের সঙ্গেই পাঞ্জাবের জলন্ধর লোকসভা কেন্দ্র এবং উত্তর প্রদেশের চানবি ও সুয়ার, ওডিশার ঝাড়সুগুদা ও মেঘালয়ের সোহলং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তবে রাহুল গান্ধীর কেন্দ্র ওয়েনাডের ভোট কবে হবে, সে বিষয়ে কিছু জানায়নি নির্বাচন কমিশন।
বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ওয়েনাড নিয়ে তাড়াহুড়া করার কিছু নেই। উচ্চ আদালতে আবেদনের জন্য রাহুল গান্ধীকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এর আগে ওয়েনাড নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা নেই।
রাজীব কুমার আরও বলেন, ফেব্রুয়ারি পর্যন্ত খালি হওয়া আসনগুলোয় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেব্রুয়ারির পর যেসব আসন খালি হয়েছে, সেগুলোর উপনির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে পরে।
কোনো কেন্দ্র খালি হলে সাধারণত ছয় মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করা হয়। তবে সেক্ষেত্রে দেখা হয়, ওই কেন্দ্রের মেয়াদ পূর্ণ হতে কত দিন বাকি। এক বছরের কম বাকি থাকলে উপনির্বাচন করা হবে কি না, সেই সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের। ওয়েনাডের ক্ষেত্রে মেয়াদ পূর্ণ হতে এক বছরের বেশি সময় বাকি।
কর্ণাটকের ভোট রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। আদানি–কাণ্ড ও রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজের সিদ্ধান্তকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে বিরোধীদের ক্রমে জোটবদ্ধ হয়ে ওঠার প্রচেষ্টা কতটা ফলপ্রসূ হবে এর একটা ইঙ্গিত অবশ্যই এ রাজ্যের ফলের মধ্য দিয়ে পাওয়া যাবে।
কর্ণাটক রাজ্যের শাসক বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কংগ্রেস। দুর্নীতি ও অপশাসনের অভিযোগে বিজেপি রাজ্যে যথেষ্ট ব্যতিব্যস্ত। গোষ্ঠী দ্বন্দ্বও আছে। দ্বন্দ্ব অবশ্য কংগ্রেসেও রয়েছে। তবে এমনটা মনে করা হচ্ছে, সাম্প্রতিক সংকট কংগ্রেসকে এ রাজ্যে একজোট হতে সাহায্য করবে। এ ছাড়া নবনির্বাচিত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও কর্ণাটকের ভূমিপুত্র। দলকে জোটবদ্ধ রাখতে তিনিও সচেষ্ট।
এ রাজ্যে ধর্মীয় মেরুকরণের সাহায্যে ভোটে জিততে মরিয়া বিজেপি। সে জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে মুসলমানদের জন্য সংরক্ষিত ৪ শতাংশ কোটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্য সভাপতি প্রকাশ্যেই বলেছেন, এবারের লড়াই হবে টিপু সুলতানের অনুগামীদের সঙ্গে হিন্দুত্ববাদের প্রবক্তা সাভারকরের অনুগামীদের।
২০১৮ সালের নির্বাচনে কর্ণাটকে বিজেপির নেতৃত্বে ছিলেন লিঙ্গায়েত নেতা বি এস ইয়েদুরাপ্পা। তবে ২২৪ আসনের বিধানসভায় কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি পেয়েছিল ১০৪ আসন। কংগ্রেস ৭৮ ও জেডিএস ৩৭।
বিজেপিকে রুখতে কংগ্রেস–জিডিএস মিলে সরকার গড়ে। কিন্তু তা টেকেনি। দুই দলের বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী হন ইয়েদুরাপ্পা। ২০২১ সালের জুলাইয়ে তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় বাসব বোম্মাইকে।
এবার কংগ্রেস ও জেডিএস লড়ছে আলাদাভাবে। আম আদমি পার্টিও ইতিমধ্যে ৮০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে বিরোধী ঐক্যের খাতিরে দিল্লির শাসক দল যেভাবে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে, তাতে তারা কর্ণাটকের ভোটে কতটা লড়াইয়ে থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে।