তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থীরা এবার আগের চেয়ে দ্বিগুণ শহর ও এলাকায় জিতেছেন। তবে রাজধানী তাইপের মেয়র পদে ডিপিপি প্রার্থী হেরে গেছেন।
এদিকে, এই নির্বাচনের পর আজ রোববার বেইজিং আবারও সতর্ক করে বলেছে, চীনের মূলভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের এক হওয়া কেউ আটকাতে পারবে না।
তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করা চীন বারবার বলেছে, এজন্য প্রয়োজনে বল প্রয়োগ করতেও তারা পিছপা হবে না। তাইওয়ান সরকার বেইজিংয়ের এই দাবি মানতে নারাজ।
চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাইওয়ানে স্থানীয় নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখেছে।
বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ানের সাধারণ মানুষ শান্তি, উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা চায়। তাই তাইওয়ানের রাজনীতিতে যতই বদল আসুক, দুই পক্ষের সম্পর্কের গতিপথ বদলাবে না। মাতৃভূমির সঙ্গে তাইওয়ানের এক হওয়া অনিবার্য। কেউ এটি ঠেকাতে পারবে না।’
চীনের ওই দপ্তর খানিকটা হুমকির সুরে আরও বলেছে, সরকার তাইওয়ানের স্বাধীনতাকামীদের কঠোরভাবে দমন করবে এবং বাইরের যেকোনো হস্তক্ষেপ রুখে দেবে। একই সঙ্গে তারা দুই ভূখণ্ডকে এক করার কাজ এগিয়ে নেবে।
জবাবে তাইওয়ান সরকার বলেছে, চীনের উচিত তাইওয়ানের গণতন্ত্র ও জনগণের রায়কে সম্মান জানিয়ে বাস্তবতা মেনে নেওয়া।
তাইওয়ানের চীন-বিষয়ক নীতিনির্ধারণী সংস্থা ‘মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল’ বলেছে, বেইজিংয়ের উচিত কোনো শর্ত ছাড়াই সমান মর্যাদার ভিত্তিতে তাইওয়ানের নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনায় বসা।
কিন্তু চীন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে বলেছে, তারা লাই চিং–তের সঙ্গে কোনো ধরণের আলোচনায় বসতে রাজি নয়।
প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, কেবল তাইওয়ানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
তাইওয়ানে এবারের নির্বাচনী প্রচারণায় চীন ইস্যুটি তেমন গুরুত্ব পায়নি, বরং নিরাপদ পানি ও স্কুলের খাবারের মতো স্থানীয় বিষয়গুলোই বেশি আলোচনায় ছিল।
ভোটের আগে তাইপের ডিপিপি প্রার্থী পুমা শেনকে লাগাতার আক্রমণ করেছে বেইজিং। ‘বিচ্ছিন্নতাবাদের’ অভিযোগে চীন আগে থেকেই তাঁর ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এ ছাড়া গত শুক্রবার তাইওয়ানের আশপাশের আকাশ ও সমুদ্রে কয়েক ডজন যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠিয়েছিল চীন।
তাইওয়ান সরকার বলেছে, চীনের উচিত তাইওয়ানের গণতন্ত্র ও জনগণের রায়কে সম্মান জানিয়ে বাস্তবতা মেনে নেওয়া।
নজর এখন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে
২০২৮ সালের শুরুর দিকে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। দ্বীপ রাষ্ট্রটির সংবিধান অনুযায়ী, একজন চার বছর মেয়াদে সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন।
নিজের দ্বিতীয় মেয়াদের জন্য লাই চিং-তের ভোটের লড়াইয়ে নামা প্রায় নিশ্চিত। তবে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষপাতী প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) প্রার্থী কে হবেন, তা এখনো ঠিক হয়নি।
তাইপের মেয়র পদে আবার বড় ব্যবধানে জয় পাওয়া কেএমটি নেতা চিয়াং ওয়ান-আনকে ভবিষ্যতের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী মনে করা হয়। তবে আগামী দুই বছরের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কোনো ইঙ্গিত তিনি দেননি। বরং রোববার সাংবাদিকদের চিয়াং বলেন, ‘আগামী চার বছর আমি তাইপের মেয়র হিসেবেই থাকছি।’