মিয়ানমার পরিস্থিতি

২০ মাসে জান্তার আমলে ৬ হাজার মানুষকে হত্যা

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের জান্তা সরকার বিরোধী মত দমনে সব ধরনের তৎপরতা চালায়
ফাইল ছবি: এএফপি

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকেই জান্তা সরকার অভিযানের নামে হাজারো মানুষকে গ্রেপ্তার করেছে, নির্যাতন চালিয়েছে। এসব তথ্য বিভিন্ন সময়ই গণমাধ্যমে এসেছে। এবার নরওয়ের অসলো–ভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউট নতুন তথ্য সামনে আনল। প্রতিষ্ঠানটি বলছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছয় হাজার বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারি ওই সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্টেট কাউন্সেলর অং সান সু চিতে ক্ষমতাচ্যুত করা হয়। ক্ষমতায় আসে জান্তা। এর প্রধান হন মিন অং হ্লাইং। এর পর থেকে বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় চালায় সামরিক বাহিনী। একই সঙ্গে সামরিক আদালতে দেশটির গণতন্ত্রপন্থীদের বিচারও শুরু হয়। সেখানকার পরিস্থিতি তুলে ধরে গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে পিস রিসার্চ ইনস্টিটিউট।

এই প্রতিবেদন লিখেছেন দুজন। তাঁদের একজন স্টেইন টনেসন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমাদের হালনাগাদ তথ্য থেকে এটা জানা যাচ্ছে, মিয়ানমারে সংঘর্ষে নিহতের যে সংখ্যা আগে জানা গিয়েছিল, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। এই সহিংসতার মূল হোতা জান্তা সরকার। এ ছাড়া জান্তাবিরোধীরাও এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’

মিয়ানমার নিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৩৩৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৬১৪ জন।

পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনী, মিলিশিয়া ও পুলিশের হাতে ৩ হাজার ৩ জন মারা গেছেন। আর জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীর হাতে মারা গেছেন ২ হাজার ১৫২ জন। এ ছাড়া আরও এক হাজারের বেশি মানুষকে কারা হত্যা করেছে, তা জানা যায়নি। তবে তাদের প্রতিবেদনে এ–ও বলা হয়েছে, প্রকৃত সংখ্যা এর চেয়েও আসলে অনেক বেশি।