ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ

যুদ্ধের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা

রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করেছে চার বছর হলো, অন্যদিকে এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মোকাবিলা করছে ইরান। দুই ময়দানে যুদ্ধের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিজেদের মধ্যে আলোচনা করলেন।

ইরান যুদ্ধের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান খুঁজে পেতে গতকাল শুক্রবার তারা আলোচনা করে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, দুই মন্ত্রী মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল সামরিক-রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যে সংকট তৈরি হয়েছে ইরানের ওপর বিনা উসকানিতে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আগ্রাসনের ফলে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করে। এরপর ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, এমন দেশগুলোতে আক্রমণ শুরু করলে যুদ্ধ বিস্তৃত হয়। ইরান, রাশিয়া দুই দেশই যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞায় রয়েছে। চলমান যুদ্ধে ইরান রাশিয়া থেকে সহযোগিতা পাচ্ছে বলেও জানা যাচ্ছে।

রাশিয়া ও ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি রয়েছে। তার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং জ্বালানি সহযোগিতা অন্তর্ভুক্ত হলেও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি নেই।

বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক আইন অনুসারে এবং ওই অঞ্চলের সবগুলো দেশের বৈধ স্বার্থ বিবেচনায় রেখে সংঘাতকে একটি রাজনৈতিক-কূটনৈতিক সমাধানের পথে পরিচালিত করার সম্ভাবনা নিয়ে তাদের মতবিনিময় হয়েছে।’

লাভরভ আলোচনায় ইরানে রাশিয়ার সর্বশেষ মানবিক সহায়তা পাঠানোর বিস্তারিতও তুলে ধরেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।