
পরিবার-স্বজনসহ সিডনি প্রবাসী শত শত বাংলাদেশিকে কাঁদিয়ে শেষ বিদায় নিল ছোট্ট আরিক। আজ শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। চলতি মাসের ২ তারিখ অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িবন্দী অবস্থায় প্রচণ্ড গরমে তিন বছর বয়সী আরিক মারা যায়।
গতকাল বৃহস্পতিবার পুলিশ ময়নাতদন্তের পর আরিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। আজ সিডনির লাকেম্বা মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ সিডনির কেম্পস ক্রিক কবরস্থানে নিয়ে আসা হয়। সেখানে শতাধিক বাংলাদেশির অংশগ্রহণে দ্বিতীয় জানাজা হয়। এরপর আরিককে দাফন করা হয়।
ছোট সবুজ কফিনে ছিল আরিকের মরদেহ। কফিনে কাঁধ দিয়েছিলেন বাবা নেওয়াজ হাসানও। মুসলিম নিয়ম মেনে যতদূর পেরেছেন ছেলের পিছু পিছু এসেছিলেন মা মারজিয়া শাহানাও। অন্য সবার সঙ্গে ভাইকে বিদায় দিতে এসেছিল আরাব হাসানও।
২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বড় সন্তান আরাফকে স্কুলে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে বাড়ি চলে আসেন নেওয়াজ হাসান। কিন্তু গাড়িতে রয়ে যায় ছোট সন্তান আরিক। বেলা তিনটায় নেওয়াজ বড় সন্তানকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় গাড়ির পেছনের আসনে অচেতন অবস্থায় আরিককে দেখতে পান। ছেলের এই অবস্থা দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ জরুরি সেবায় কল করেন। কিন্তু প্যারামেডিক এসে শিশুটিকে মৃত ঘোষণা করে। সেদিন সিডনির তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।