কাতারে পোশাকের কারণে গ্রেপ্তার হওয়া নিয়ে ভীত নন এই মডেল

কাতারে সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল
ছবি: ইনস্টাগ্রাম

কাতার বিশ্বকাপ ফুটবলে পোশাকের কারণে আলোচিত-সমালোচিত হচ্ছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল। কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে ‘পোশাকবিধি’ না মানায় তিনি গ্রেপ্তারের ঝুঁকিতে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে ইভানা বলছেন, পোশাকের কারণে গ্রেপ্তার হওয়া নিয়ে তিনি ভীত নন। খবর দ্য ইনডিপেনডেন্টের।

বিশ্বকাপ ফুটবল দেখতে আসা বিদেশি দর্শকদের মার্জিত পোশাক পরার পরামর্শ দিচ্ছে কাতারের কর্তৃপক্ষ। দেশটিতে আগত নারী ফুটবলভক্তদের খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকতে বলছে তারা। এ ক্ষেত্রে কাতারের কর্তৃপক্ষ দেশটিতে বিদ্যমান আইনের কথাও বিদেশি ফুটবলভক্তদের মনে করিয়ে দিচ্ছে।

অন্যদিকে, ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ফুটবলভক্তরা কাতারে তাঁদের পছন্দের পোশাক পরতে পারেন। তবে তাঁদের দেশটির আইনকে সম্মান করতে হবে।

কাতার বিশ্বকাপে ২৩ নভেম্বর ছিল ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ছিল মরক্কো। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

২৭ নভেম্বর ক্রোয়েশিয়ার দ্বিতীয় ম্যাচ ছিল। প্রতিপক্ষ কানাডা। ম্যাচটিতে ৪-১ গোলে জয়ী হয় ক্রোয়েশিয়া।

কাতারে গিয়ে মডেল ইভানা ইতিমধ্যে দেশটির ‘পোশাকনীতি’ লঙ্ঘন করেছেন বলে খবরে বলা হচ্ছে। এ কারণে তিনি গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
ইভানা বলেন, তিনি গ্রেপ্তার হওয়া নিয়ে ভীত নন। তিনি অন্যের ক্ষতি করছেন না।

এমনকি কাতারের অনেক মানুষ তাঁর সঙ্গে ছবি তুলতে আসেন। যদি কাতারের মানুষ তাঁকে ঘৃণা করতেন, তাঁদের যদি তাঁর ব্যাপারে আপত্তি থাকত, তাহলে তাঁরা এসব করতেন না।