
যমজ শিশুর দেখভালের জন্য একজন পরিচারিকা রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ একদিন একটি শিশুকে মারধর করে ৩৩ বছর বয়সী ওই পরিচারিকা। শিশুটি ঘুমাতে চায়নি, কান্নাকাটি করছিল, তাই এমন কাণ্ড ঘটান তিনি। এজন্য কঠিন শাস্তি পেতে হয়েছে তাঁকে। ওই নারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর এনডিটিভির
ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে। সাজা পাওয়া ওই পরিচারিকার নাম মাসিতা খোরিদাতুরচমাহ। ইন্দোনেশিয়ার নাগরিক তিনি। তবে সিঙ্গাপুরে কাজ করেন।
মাসিতার বিরুদ্ধে এক বছরের এক মেয়ে শিশুর সঙ্গে ইচ্ছাকৃতভাবে খারাপ আচরণ করা ও শারীরিক যন্ত্রণা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণ হওয়ায় গত মঙ্গলবার দেশটির একটি আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে যমজ শিশুর দেখভালের কাজটি পেয়েছিলেন মাসিতা। সারাদিন শিশু দুটির সঙ্গে থাকতেন তিনি। এর পাশাপাশি তিনি নিয়োগদাতার বাসায় পরিচারিকার কাজও করতেন। ২০২২ সালের ২৬ মে মাসিতা তাঁর নিয়োগদাতার মেয়ে শিশুকে মারধর করেন।
ওই সময় মাসিতার নিয়োগদাতা নিজের আরেক সন্তানকে স্কুল থেকে আনার জন্য বেরিয়েছিলেন। বাসায় মাসিতা আর তাঁর নিয়োগদাতার যমজ দুই সন্তান ছিল। শিশু দুটিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু একটি শিশু কিছুতেই ঘুমাতে চায়নি। একপর্যায়ে মেজাজ হারিয়ে ওই শিশুটিকে মারধর করেন মাসিতা। এতে শিশুটির কপালে ক্ষত হয়।
আধা ঘণ্টা পর শিশুটির মা বাসার ফিরে আসেন। মেয়ে শিশুটির কপাল ও বাহুতে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। পরে মাসিতাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শিশুটিকে মারধর করার কথা স্বীকার করেন। ক্ষমাও চান। তবে শিশুটির মা পুলিশ ডাকেন। বিষয়টি আদালত অবধি গড়ায়। অবশেষে রায়ে মাসিতার ছয় মাসের কারাদণ্ডের ঘোষণা দিয়েছেন আদালত।