সিঙ্গাপুরে দুর্নীতির তদন্ত,পরিবহনমন্ত্রী গ্রেপ্তার

এস ঈশ্বরান
ফাইল ছবি: এএফপি

সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের একটি দুর্নীতির তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবার দেশটির পরিবহনমন্ত্রী এস ঈশ্বরান গ্রেপ্তার হন। একই ঘটনায় সিঙ্গাপুরের ধনকুবেরদের অন্যতম হোটেল টাইকুন ওং বেং সেংকেও গ্রেপ্তার করা হয়। তবে দুজনই এখন জামিনে আছেন।

দেশটির দুর্নীতি দমন সংস্থা করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরো (সিপিআইবি) গত শুক্রবার ই–মেইলে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায়।

তদন্তের বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি সিপিআইবি। বিশ্বের বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এ নগররাষ্ট্র বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। দেশটির সরকারের শীর্ষ পদে দুর্নীতির ঘটনা বিরল।

দুর্নীতি রোধে দেশটির বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের তুলনায় মন্ত্রীদের বেশি বেতন দেওয়া হয়। দুর্নীতি তদন্তে ব্যবসায়ী ওংয়ের নাম প্রকাশ হওয়ার পর পরিবহনমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের বিষয়টি সামনে আসে।

ওং হোটেল প্রপার্টিজ লিমিটেডের (এইচপিএল) ব্যবস্থাপনা পরিচালক। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এইচপিএলের বিলাসবহুল হোটেল ও রিসোর্ট রয়েছে।

শুক্রবার সিঙ্গাপুর এক্সচেঞ্জের কাছে পাঠানো এক নথিতে সংস্থাটি বলেছে, ওংকে সিপিআইবির পক্ষ থেকে ‘গ্রেপ্তার নোটিশ’ পাঠানো হয়েছিল। পরে তাঁকে জামিন দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরে সাধারণ মানুষ যাঁরা গ্রেপ্তার হন, তাঁদের পাসপোর্ট জব্দ করা হয়। তবে ওংকে শুক্রবার সিঙ্গাপুর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। সিপিআইবি বলছে, তারা প্রতিটি মামলা আলাদা করে বিদেশ সফরে যাওয়ার অনুরোধের বিষয়টি বিবেচনা করে থাকে।

সিপিআইবি ওংয়ের বিদেশ সফরের অনুরোধ মেনে নিয়েছে, তবে তাঁর জামিনের মুচলেকার পরিমাণ বাড়িয়ে এক লাখ সিঙ্গাপুরি ডলার করা হয়েছে। ওংকে বিদেশ থেকে ফিরে আসার পর ব্যুরোকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি তাঁর পাসপোর্টও ব্যুরোর কাছে জমা দিতে বলা হয়েছে।

ওং মালয়েশিয়ান বংশোদ্ভূত হলেও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। ২০০৮ সালে সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স আনতে সহায়তা করেছিলেন তিনি।

গত সপ্তাহের শুরুতে সিপিআইবি জানিয়েছিল যে চলমান তদন্তে সহায়তার জন্য ঈশ্বরানকে প্রয়োজন। সে সময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তাঁকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। লি জানান, দুর্নীতিবিরোধী সংস্থাটি আনুষ্ঠানিক তদন্তের জন্য তাঁর অনুমোদন চেয়েছিল, যেখানে অন্যান্যের মধ্যে পরিবহনমন্ত্রী ঈশ্বরানকেও জিজ্ঞাসাবাদ করা হবে।