
চীনের একটি কিন্ডারগার্টেনে হামলায় তিন শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার দক্ষিণাঞ্চলীয় গুয়াংদং প্রদেশের লিয়ানজিয়াং শহরে এ ঘটনা ঘটে।
লিয়ানজিয়াং শহর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে এক শিক্ষক ও দুই অভিভাবক রয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
তবে হতাহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। এমনকি কোন ধরনের অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল, তা নিয়েও কিছু বলেননি এই মুখপাত্র। যদিও তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে উল্লেখ করে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আটক ব্যক্তির বয়স ২৫, তাঁর নামের শেষের অংশ ‘উ’।
সাম্প্রতিক বছরগুলোতে চীনে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
গত বছরের আগস্টে জিয়াংশি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় তিনজন প্রাণ হারান। ওই ঘটনায় আহত হয়েছিলেন ছয়জন।
এর আগে ২০২১ সালের এপ্রিলে দেশটির দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে দুই শিশুর প্রাণ যায়, আহত হন ১৬ জন।