ব্যাংককের উপকণ্ঠে ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় অবস্থিত দেবসিরিন ননথাবুরি স্কুলে গোলাগুলির ঘটনার পর শিক্ষার্থীরা স্কুল থেকে দ্রুত বেরিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। ৭ আগস্ট, ২০২৬
ব্যাংককের উপকণ্ঠে ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলায় অবস্থিত দেবসিরিন ননথাবুরি স্কুলে গোলাগুলির ঘটনার পর শিক্ষার্থীরা স্কুল থেকে দ্রুত বেরিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। ৭ আগস্ট, ২০২৬

থাইল্যান্ডের স্কুলে গুলি করে ৭ জনকে খুন, এর আগে বাড়িতে দাদা–দাদিকে হত্যা

থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ অন্তত সাতজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। পরে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলে হামলার আগে ওই শিক্ষার্থী নিজের দাদা–দাদিকেও গুলিতে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। ২০২২ সালের পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা।

পুলিশ জানিয়েছে, ১৪ বছর বয়সী ওই হামলাকারী অন্তত ২৬টি গুলি ছুড়েছে এবং তার কাছে আরও ৩৪টি গুলি পাওয়া গেছে। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি তার দাদার ছিল।

১৮ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, শুরুতে তিনি গুলির শব্দ বুঝতে পারেননি। তাঁর ধারণা হয়েছিল, হয়তো বাইরে আতশবাজি ফুটছে বা কেউ কোনো বস্তুর ওপর আঘাত করছে।

ওই শিক্ষার্থী আরও বলেন, ‘শুরুতে আমি বুঝতে পারিনি যে এটি বন্দুকের গুলি। একের পর এক গুলির শব্দ হচ্ছিল। এরপর কিছুক্ষণ শান্ত ছিল। তারপর আবার গুলির শব্দ শুরু হয়।’

থাইল্যান্ড পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ত্রাইরং ফোফান বলেন, স্কুলে নিহত সাতজনের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও আছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

জরুরি সেবাকর্মীদের প্রকাশ করা ছবিতে দেখা যায়, স্কুল থেকে শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে আসছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা কাজ করছেন। একটি ছবিতে একজনকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। আরেকজনকে চিকিৎসাকর্মী প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন।

৪৭ বছর বয়সী জরুরি সেবাকর্মী কিয়াতিকুন ভেরাপংপ্রাদিত বলেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছানোর সময়ও গুলির শব্দ চলছিল। তাঁর দল পিঠ, বুক ও হাতে গুলিবিদ্ধ কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছে। স্কুলের ওপরের তলায় একজন পুরুষ শিক্ষককে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরেকটি কক্ষে বুক ও হাতে গুলিবিদ্ধ এক নারী শিক্ষককেও পাওয়া গেছে।

কিয়াতিকুন ভেরাপংপ্রাদিত আরও বলেন, ‘আমরা দ্রুত ওপরে উঠে দেখি, হামলাকারী নিজের মাথার ডান পাশে গুলি করেছে এবং মাটিতে লুটিয়ে পড়েছে। আমরা সেখানে পৌঁছে তার নাড়ি পরীক্ষা করি, তখনো স্পন্দন ছিল। তাই আমরা সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করি।’ পরে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।

দেশটির শিক্ষামন্ত্রী প্রসার্ট জান্তারারুয়াংথং বলেন, নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী—উভয়ই আছে। পুলিশ হামলাকারীকে ওই স্কুলেরই এক শিক্ষার্থী হিসেবে শনাক্ত করেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত ভয়াবহ ঘটনা। যাঁরা নিহত হয়েছেন, তাঁদের জন্য আমি শোকাহত। আমাদের দেশে এমন ঘটনা ঘটেছে, এ জন্যও আমি দুঃখিত।’

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে ওই স্কুলে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী ও ১৪৭ শিক্ষক আছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ থাইল্যান্ডের হাত ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষক নিহত ও এক শিক্ষার্থী আহত হন।