মাহিন্দা রাজাপক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহিন্দা রাজাপক্ষে ও বাসিল রাজাপক্ষে
ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে মাহিন্দার ছোট ভাই গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণার দিন শুক্রবার মাহিন্দা ও তাঁর আরেক ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষের বিরুদ্ধে এ আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

এর আগে গতকাল মাহিন্দা রাজাপক্ষে ও বাসিল রাজাপক্ষে দেশত্যাগ না করার বিষয়ে আদালতে মুচলেকা দিয়েছেন। মাহিন্দা ও বাসিল তাঁদের আইনজীবীদের মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্টে মুচলেকা দেন। তাঁরা অঙ্গীকার করেন, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাঁরা দেশ ছাড়বেন না।

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আবেদনটির ওপর শুনানি গ্রহণের জন্য শুক্রবার দিন ধার্য করেন। শুনানি নিয়ে আদালত এ রায় দেন।

মাহিন্দা রাজাপক্ষে গত মে মাস পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। গণবিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন। গোতাবায়ার ছোট ভাই বাসিল। তিনি দেশটির অর্থমন্ত্রী ছিলেন।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া। এ যাত্রায় তাঁর সঙ্গী হন স্ত্রী ও দুই নিরাপত্তারক্ষী। পরে তাঁরা সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ত্যাগ করেন।

এদিকে বাসিলও গোপনে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর এ চেষ্টা ব্যর্থ হয়।