ট্র্যাপডোর মাকড়সার বিশালাকার এই প্রজাতিটি নতুন করে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
ট্র্যাপডোর মাকড়সার বিশালাকার এই প্রজাতিটি নতুন করে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা

অস্ট্রেলিয়ায় পাওয়া গেল বিশাল ‘ট্র্যাপডোর’ মাকড়সা

অস্ট্রেলিয়ায় ‘ট্র্যাপডোর’ মাকড়সার বিশালাকার একটি প্রজাতি খুঁজে পেয়েছেন গবেষকেরা। এই প্রজাতির নারী মাকড়সাগুলো বন্য পরিবেশে ২০ বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। লম্বায় হতে পারে সর্বোচ্চ ৫ সেন্টিমিটার পর্যন্ত। আর পুরুষ মাকড়সাগুলো ৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডেই শুধু প্রজাতিটির দেখা মেলে।

ইংরেজি শব্দ ‘ট্র্যাপডোর’–এর অর্থ যে দরজা ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। মাকড়সাটির এই নাম দেওয়ার কারণ, সেগুলো পোকামাকড় শিকার করতে পাতা দিয়ে দরজার মতো একধরনের ফাঁদ তৈরি করে। ট্র্যাপডোর মাকড়সার অন্য প্রজাতিগুলো সাধারণত দেড় থেকে ৩ সেন্টিমিটার লম্বা হয়। সে তুলনায় নতুন করে খুঁজে পাওয়া এই প্রজাতিকে বিশাল বলছেন গবেষকেরা।

বিজ্ঞানীদের ভাষ্যমতে, ট্র্যাপডোর মাকড়সার এই প্রজাতি বিরল। বৈজ্ঞানিক নাম Euoplos dignitas। এগুলো মানুষের জন্য বিপজ্জনক নয়। নতুন করে এটি খুঁজে পাওয়া গেছে কুইন্সল্যান্ডের ব্রিগলো বেল্ট অঞ্চলের বনভূমিতে। তবে বন উজাড়ের কারণে মাকড়সাগুলোর আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এগুলোর টিকে থাকা দিন দিন হুমকির মুখে পড়ছে।

মাকড়সাটি খুঁজে পেয়েছেন কুইন্সল্যান্ড জাদুঘরের বিজ্ঞানীরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, এই মাকড়সাগুলো বনভূমিতে খোলামেলা স্থানে বসবাস করে। কালো মাটিতে গর্ত করে বাসা তৈরি করে। নারী মাকড়সাগুলো মাটির নিচেই থাকে। তবে পুরুষ মাকড়সাগুলো পাঁচ থেকে সাত বছর পরপর অন্য বাসায় গিয়ে নতুন সঙ্গীর খোঁজ করে।

গত কয়েক দশকে মাত্র হাতে গোনা কয়েকবার ট্র্যাপডোর মাকড়সার এই প্রজাতির দেখা পাওয়া গেছে। এর মধ্যে গত শতকের ষাটের দশকে একটি মাত্র স্ত্রী ইউওপলোস দিগনিতাস কুইন্সল্যান্ড জাদুঘর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরে ২০২১ সালের মে মাসে একটি রাস্তার ধারে কয়েক শ মিটার এলাকায় তিন দিন ধরে অনুসন্ধান চালিয়ে মাত্র একটি ইউওপলোস দিগনিতাসের দেখা মেলে।

বিশ্বের সবচেয়ে বড় মাকড়সা পরিচিত ‘গোলিয়াথ বার্ডইটার’ নামে। এগুলো প্রায় ১৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পাসহ পুরো শরীর ছড়ানো থাকে ৩০ সেন্টিমিটার জায়গাজুড়ে। সহজ কথায় বলতে গেলে এটির আকৃতি একটি থালার মতো।