হিমালয়ে পর্বতারোহীর জন্য স্থানীয় গাইড বাধ্যতামূলক

এভারেস্ট পর্বতমালা
ফাইল ছবি: রয়টার্স

নেপালে হিমালয় অঞ্চলে সব পর্বতারোহীকে অবশ্যই স্থানীয় গাইড ভাড়া করতে হবে। আগামী ১ এপ্রিল থেকে এ নিয়ম কার্যকর হবে। এর ফলে পবর্তারোহীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনেক কর্মসংস্থান তৈরি হবে বলে বার্তা সংস্থা ডিপিএ–এর খবরে বলা হয়।

নেপাল ট্যুরিজম বোর্ডের (এনটিবি) মুখপাত্র মানি রাজ লামিছনে মঙ্গলবার বলেন, প্রত্যেক পর্যটককে একটি নিবন্ধিত ট্রেকিং কোম্পানির মাধ্যমে একজন গাইড ভাড়া করতে হবে।

নতুন নিয়ম ট্রেকার্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতার মধ্যে থাকা ট্রেকিং রুটগুলোতে প্রযোজ্য হবে, যেখানে সব পর্বতারোহীকে এনটিবি থেকে অনুমতি নিতে হবে।

অতীতে পর্যটকদের অনিবন্ধিত গাইড বা বন্ধুদের সঙ্গে একাকী ভ্রমণ করার অনুমতি দেওয়া হতো

মানি রাজ বলেন, ‘দেশের ট্রেকিং এজেন্সি অ্যাসোসিয়েশন এবং জয়েন্ট ট্যুরিজম ট্রেড ইউনিয়ন ফোরামের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মের মাধ্যমে আমরা পর্বতারোহীদের ট্র্যাক করতে পারব এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সময়মতো তাঁদের উদ্ধার করা যাবে। এর মধ্য দিয়ে নিরাপদ ট্রেকিং নিশ্চিত হবে।’
মানি রাজের তথ্যমতে, প্রতিবছর এনটিবি প্রায় ৪০ থেকে ৫০ পর্বতারোহীর নিখোঁজ হওয়ার ঘটনা পায়। কর্তৃপক্ষ প্রায়ই তাদের ট্র্যাক করতে ও উদ্ধার করতে সমস্যার মুখে পড়ে।

অতীতে পর্যটকদের স্থানীয় সহায়তা ছাড়া বা অনিবন্ধিত গাইড বা বন্ধুদের সঙ্গে একাকী ভ্রমণ করার অনুমতি দেওয়া হতো।

নেপালের ট্রেকিং অ্যাজেন্সি অ্যাসোসিয়েশনের সভাপতি নীলহারি বাস্তোলা বলেছেন, নতুন নিয়মের কারণে পর্বতারোহী এবং পর্যটনশিল্প উভয়ই উপকৃত হবে। তিনি বলেন, পর্বতারোহণের সময় যাঁরা মারা যান বা নিখোঁজ হন, তাঁদের বেশির ভাগই যাঁরা গাইড বা ভূখণ্ডের পরিস্থিতি না বুঝে একা যান। স্থানীয় গাইড থাকলে এসব দুর্ঘটনা এড়ানো যেত।