প্রয়াত অস্ট্রিয়ান বিলিয়নিয়ার হেইডি হর্টেনের কয়েক শ দামি গয়না সম্প্রতি ২ হাজার ৮৭ কোটি টাকায় নিলামে বিক্রি হয়েছে। এটাই এখন পর্যন্ত ব্যক্তিগত সংগ্রহে রাখা গয়নার সবচেয়ে বেশি দামে নিলামে বিক্রি হওয়ার ঘটনা। এর আগে ২০১১ সালে নিউইয়র্কে এলিজাবেথ টেইলরের গয়না সর্বোচ্চ ১ হাজার ২৩৫ কোটি টাকায় বিক্রি হয়েছিল।
হর্টেনের সম্পদের উৎস সম্পর্কে ইহুদি গোষ্ঠী উদ্বেগ জানিয়ে আসছে। কিন্তু তাঁদের এ উদ্বেগ সত্ত্বেও গত সপ্তাহে এ নিলাম অনুষ্ঠিত হয়েছে। ফোর্বস–এর তথ্য অনুযায়ী, প্রয়াত এ শিল্প সংগ্রাহক গত বছরের জুন মাসে মারা যাওয়ার আগে তাঁর সম্পদের পরিমাণ ছিল ৩০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ১০০ কোটি মার্কিন ডলার তিনি পেয়েছেন তাঁর প্রথম স্বামী হেলমুত হর্টেনের কাছ থেকে।
হর্টেনের গয়নাগুলো অনলাইন ও সরাসরি নিলামে দুই দিন ধরে বিক্রি করা হয়। গত সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় ফোর সিজনস হোটেলে অনুষ্ঠিত হয় নিলাম। নিলামে ৭০০ রত্ন স্থান পায়। ক্রিস্টির ধারণা ছিল, সব মিলিয়ে ১ হাজার ৬১৮ কোটি টাকায় এসব রত্ন বিক্রি হবে। কিন্তু নিলামে এর চেয়ে বেশি দাম উঠেছে। নিলামে ওঠা রত্নগুলোর মধ্যে একটি রুবি বিক্রি হয়েছে ১৫২ কোটি টাকায়। এ ছাড়া ৯০ ক্যারটের একটি হীরার হার বিক্রি হয়েছে ৭৫ কোটি ৫০ লাখ টাকায়।