
পাশাপাশি দুটি ২৭ তলা ভবন। মাঝখানে ফাঁকা জায়গা। লাফিয়ে এক ভবন থেকে আরেক ভবনে যাচ্ছে এক শিশু। একবার নয়, কয়েকবার। শ্বাসরুদ্ধকর এ ঘটনার একটি ফুটেজ চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ২০২১ সালে চীনের হুবেই প্রদেশে ধারণ করা। ফুটেজে শিশুটির সঙ্গে তার এক বন্ধুকে দেখা গেছে। তবে সেই বন্ধু তার মতো করে লাফায়নি, সে সেখানেই দাঁড়িয়ে ছিল।
গতকাল ৫ এপ্রিল অনলি ব্যাঙ্গারস নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিও ক্লিপটি নতুন করে শেয়ার করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে ২৭ লাখ বার দেখা হয়েছে। ২০ হাজারের বেশি লাইক পড়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ভবনগুলো যে হাউজিং সোসাইটিতে অবস্থিত, সেখানকার এক বাসিন্দা দুই শিশুকে ওই অবস্থায় দেখতে পান। এর পর সেখানকার ব্যবস্থাপনা কর্মীরা দুই শিশুকে নিরাপদে নামিয়ে আনেন।
ভিডিওর শুরুতে দেখা যায়, একটি ভবনের ওপর দুটি শিশু দাঁড়িয়ে আছে। ক্যামেরা জুম করার পর দেখা যায়, বেগুনি রঙের টি–শার্ট ও কালো রঙের ট্রাউজার পরা এক শিশু পাশের ভবনের ছাদে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এরপর বেগুনি রঙের টি–শার্ট পরা শিশুটিকে লাফিয়ে পাশের ভবনের ছাদে পড়তে দেখা যায়। সেখানে তার বন্ধুটি দাঁড়িয়ে ছিল। দুজনের মধ্যে সে (বন্ধু) অপেক্ষাকৃত ছোট। তার পরনে ছিল কমলা রঙের টি–শার্ট ও কালো রঙের ট্রাউজার।
এরপর বেগুনি টি–শার্ট পরা শিশুটিকে আবার লাফিয়ে আগের ভবনের ছাদে চলে যেতে দেখা যায়। কয়েক সেকেন্ড অপেক্ষার পর আবারও লাফ দেয় সে। এরপর ক্যামেরা জুম আউট করলে দেখা যায় দুটি ভবনই অনেক উঁচু।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে বলেছেন, ভিডিও ক্লিপটি দেখার সময় তাঁদের শ্বাসরুদ্ধকর অবস্থা হয়েছিল।
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ভিডিওটি দেখতে গিয়ে তাঁর হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছিল।
অপর একজন বলেছেন, ভিডিওটি দুর্বল চিত্তের মানুষের দেখার উপযোগী নয়।