
আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান শক্ত করতে চাইছে ব্রাজিল। এর অংশ হিসেবে চীন সফরে গেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। লক্ষ্য বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা। চাইছেন ইউক্রেনে শান্তি আনতে দেশটির সমর্থন আদায় করতেও। চীন সফরে গিয়ে আজ বৃহস্পতিবার লুলা বলেছেন, ব্রাজিল আবার ফিরে এসেছে।
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের এক অনুষ্ঠানে আজ ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, বড় বড় বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে ব্রাজিল অনুপস্থিত থাকার দিনগুলো এখন অতীত। আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিল ফিরে এসেছে।
গতকাল বুধবার রাতে চীনের সাংহাই শহরে পৌঁছান লুলা। আজ শহরটিতে অবস্থানের পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানী বেইজিং যাবেন তিনি। আগামীকাল শুক্রবার চীনা প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।
ইউক্রেনে যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চাইছে ব্রাজিল ও চীন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ দুই দেশের প্রেসিডেন্টের অত্যধিক সখ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো।
চীন থেকে ব্রাজিল সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে। প্রতিবছর দেশটি থেকে শত শত কোটি ডলারের সয়াবিন, গরুর মাংস ও লোহা কেনে তারা। লুলার চীন সফরের অন্যতম প্রধান লক্ষ্য দেশটির সঙ্গে ব্রাজিলের এই অর্থনৈতিক সম্পর্ক আরও গভীরে নেওয়া। সফরের সাংহাই অংশে সে চেষ্টাই করা হয়েছে।
গত জানুয়ারিতে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেন লুলা দা সিলভা। এর আগেও ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি। সে সময় ব্রাজিল ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সময়ে এই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
এই সম্পর্ক উন্নয়নে গত মাসের শেষের দিকেই চীন সফরে আসার পরিকল্পনা করেছিলেন লুলা। তবে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় সফর শুরুর তারিখ পিছিয়ে গত বুধবার করা হয়। সফরে লুলার সঙ্গে রয়েছেন ব্রাজিলের পার্লামেন্ট সদস্য, গভর্নর, মন্ত্রীসহ প্রায় ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা।
এদিকে চীনের পরই ব্রাজিলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের দিক দিয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। তাই দেশটির সঙ্গেও সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চাইছে ব্রাজিল। এর অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন লুলা।