
চীনে ‘সরকারের ক্ষমতা ও কর্তৃপক্ষকে ছোট করার’ অভিযোগে দুই অধিকারকর্মীকে আটকের তিন বছরের বেশি সময় পর কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের একজন আইনজীবী দিং জিয়াজি। তাঁকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন হলেন জু ঝিয়ং। তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে রায়টি কবে হয়েছে, তা বলা হয়নি।
দিং জিয়াজির স্ত্রী টুইট করে এ তথ্য জানান। তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। টুইটে তিনি বলেন, গত বছরের জুনে একটি দিন স্যাংদং প্রদেশের আদালতে রুদ্ধদার অবস্থায় তাঁদের বিচার হয়।
অধিকারকর্মীদের ওপর দমন–পীড়নের অংশ হিসেবে তাঁদের দুজনের একজনকে ২০১৯ সালে ও একজনকে ২০২০ সালে আটক করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচের মুখপাত্র এই বিচারকে ‘নিষ্ঠুর প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে অবিলম্বে তাঁদের সাজা বাতিলের আহ্বান জানিয়েছে।
২০১০ সালে দিং জিয়াজি ও জু ঝিয়ং নিউ সিটিজেন মুভমেন্ট নামে একটি মানবাধিকার প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির কাজ ছিল জনসাধারণের অধিকার ও সরকারের দুর্নীতিগুলো তুলে ধরা।
বেইজিংয়ে অভিবাসী শ্রমিকদের জন্য সমান সামাজিক ও শিক্ষাগত সুবিধার দাবিতে বিক্ষোভে ভূমিকা রাখার জন্য এই দুজনকে ২০১৩ সালে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। চীনা কর্তৃপক্ষের ক্ষোভের শিকার হওয়া ভিন্নমতাবলম্বীদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে তাঁরা দুজনও রয়েছেন।
আদালতে দিং জিয়াজির আইনজীবী বলেছেন, ৫৬ বছর বয়সী দিংকে যে সেলে রাখা হয়েছে, সেখানে ক্রমাগত সংগীত বাজানো হয়। ২০১৯ সালে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে সাত দিন সোজা হয়ে বসে থাকতেও বাধ্য করা হয়েছিল।
জু ঝিয়ং বেইজিং ইউনির্ভাসিটি অব পোস্ট অ্যান্ড টেলিকমিনিকেশনসের সাবেক শিক্ষক। তিনিও অভিযোগ করেন তাঁকে নির্যাতন করা হয়েছে। তিনি ২০২০ সালে বিবিসি চায়নিজকে বলেছিলেন, চীনে প্রকাশ্যে রাজনীতি নিয়ে আলোচনার কোনো জায়গা নেই। পার্টির সদস্যরা রাজনীতি নিয়ে আলোচনা করলে তাঁদের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ আনা হয়।
আরেকটি বিবৃতিতে দিং বলেছিলেন, চীনের জনগণ এখনো রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং আদর্শিক দাসত্বের মধ্যে বসবাস করছে। ‘আমি অনেক সন্দেহের সম্মুখীন হয়েছি, অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি এবং অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমি ব্যক্তিগতভাবে অত্যাচারিত হয়েছি। আমি আমার দর্শনে অবিচল। এর কোনোটাই আমার দর্শন পরিবর্তন করতে পারবে না।’
২০১৯ সালে হুয়াং কি নামের একজন সাংবাদিককে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাঁকে দেশের ‘প্রথম সাইবার-বিরোধিতাকারী’ বলা হয়। এর আগের বছর গণতন্ত্রের প্রচারকারী কিন ইয়ংমিনকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ইতিমধ্যে তিনি মোট ২২ বছর কারাগারে কাটিয়েছেন।