মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ায় মধ্যস্থতায় প্রস্তুত চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং
ছবি: এএফপি ফাইল ছবি

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত চীন। ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের দুই শীর্ষ কূটনীতিকের সঙ্গে এমন সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী কিনের ফোনালাপ হলো, সম্প্রতি যখন বেইজিং নিজেকে আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে সামনে এনেছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সঙ্গে ফোনালাপে কিন শান্তি আলোচনা শুরু করতে উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, এ উদ্যোগে সহযোগিতা দিতে প্রস্তুত আছে চীন।

কিন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকিকে বলেছেন, যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরুর প্রতি চীনের সমর্থন রয়েছে।

উভয়ের সঙ্গে ফোনালাপেই কিন ‘দুই রাষ্ট্র সমাধানের’ ভিত্তিতে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন বলে চিনহুয়ার প্রতিবেদনে বলা হয়। উল্লেখ, ২০১৪ সাল থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে।

সম্প্রতি চীন কূটনৈতিক অঙ্গনে কিছুটা দাপুটে মনোভাব দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে মার্চে সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করেছিল বেইজিং। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল।